সেতু ভেঙ্গে লালমনিরহাটের যোগাযোগ বিচ্ছিন্ন
আদিতমারীতে স্বর্ণামতি সেতুর পাটাতন ভেঙে পড়ায় লালমনিরহাটের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
শুক্রবার বিকালে বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি পাথর বোঝাই ট্রাক সেতুর উপর দিয়ে পার হওয়অর সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানান আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর ফলে রাস্তার উভয় দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারীসহ চারটি উপজেলাও বুড়িমারী স্থলবন্দরের সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।
“চলতি বছরের এপ্রিল মাসে এ সেতুর পাশেই আরেকটি বিকল্প সড়ক তৈরি করা হলেও অতি বৃষ্টির কারণে সেটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে কয়েকদিন আগে থেকেই এই রাস্তা দিয়েও যান চলাচল বন্ধ রয়েছে।”
সেতুটি সারাতে রাত ৮টা থেকে কাজ শুরু হয়েছে, তবে বৃষ্টির কারণে এ কাজে বিঘ্ন ঘটছে বলেও জানান ইউএনও।
লালমনিরহাট সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হামিদুল হক বলেন, “বৈরী আবহাওয়ায় কাজ শুরু করতে খানিকটা বিলম্ব হয়েছে। কাজ শেষ করতে আগামীকাল পর্যন্ত লেগে যেতে পারে।”
জেলা সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে জানা যায়, আদিতমারী উপজেলার স্বর্ণামতি নদীর উপর ১৯৬০ সালে নির্মিত হয় সেতুটি। জেলা সদর লালমনিরহাটের সঙ্গে চারটি উপজেলা আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রামের প্রধান সংযোগস্থল এই সেতুটিই। ২০০৯ সালে পুরোনো এই সেতুটি ক্ষতিগ্রস্ত হলে স্টিল ও লোহার পাটাতন বসিয়ে অস্থায়ীভাবে নির্মাণ করা হয় বেইলি ব্রিজ।
