২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে শিক্ষক-শিক্ষার্থীদের মারধরে আটক ৫

চাঁদপুরের কচুয়া উপজেলার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় পুলিশ পাঁচ জনকে আটক করেছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2015, 08:17 PM

Updated : 25 Apr 2022, 01:44 PM

এ ঘটনায় রোববার রাতে বিদ্যালয়টির প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার বাদী হয়ে ২৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

শনিবার ও রোববারের এ ঘটনার জন্য যুবলীগের কর্মীদের দায়ী করা হলেও সংগঠনটির নেতারা তা অস্বীকার করেছেন।

কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিল জানান, রাতেই পাঁচ জনকে আটক করা হয়েছে।

এরা হলেন পালাখাল ডিগ্রি কলেজের ছাত্র মোজাম্মেল হক (২২), কৃষক আলাউদ্দিন (৩২), শ্রমিক মো. সবুজ (১৯), অজি উল্লা (৩২) ও ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র মো. ইমরান হোসেন (১৫)।

ওসি জানান, এদের মধ্যে মোজাম্মেল হক মামলার এজাহারভুক্ত আসামি। অন্যদের সন্দেহজন হিসেবে আটক করা হয়েছে।

“সোমবার দুপুরে তাদের চাঁদপুর আদালতে হাজির করা হবে।”

ওসি জানান, ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকারের করা ওই মামলায় আট জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ২০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় আসামিদের বিরুদ্ধে চাঁদাবাজি, শিক্ষক ও শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ আনা হয় বলে জানান ওসি।

তিনি জানান, বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন ও কুমিল্লা মেডিকেল হাসপাতালে ২ জন শিক্ষার্থী জিকিৎসাধীন রয়েছে।

এছাড়া অনেকেই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে রোববার রাতেই বাড়ি ফিরে গেছে বলে তিনি জানান।

চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. আবদুল হানিফ বলেন, স্কুলের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় প্রকৃত দোষীদের ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

জাতীয় শোক দিবসের নামে যুবলীগকর্মী পরিচয়ে কয়েকজন যুবককে চাঁদা না দেওয়ায় ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার এবং হল সুপার ফজলুর রহমানকে শনিবার রাতে লাঞ্ছিত ও মারধর করা হয়।

এর প্রতিবাদে রোববার দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করলে কয়েকজন যুবক বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের মারধর করে, যাতে অন্তত ৩০ জন আহত হয়।