২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলে যাওয়ার পথে বাস চাপায় প্রাণ গেল মা-মেয়ের

প্রতিদিনের মত সকালে মেয়ে নিশিকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন টুম্পা বেগম।

স্কুলে যাওয়ার পথে বাস চাপায় প্রাণ গেল মা-মেয়ের

নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাসের চাপায় নিহত টুম্পা বেগম ও নিশি আক্তার।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2023, 07:52 PM

Updated : 02 May 2023, 07:52 PM

নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাসের চাপায় শিশু সন্তানসহ মায়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল বাসস্ট্যান্ড সংলগ্ন পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভৈরব হাইওয়ে থানা পুলিশ।

নিহতরা হলেন- টুম্পা বেগম (২৬) ও তার ছয় বছর বয়সী মেয়ে নিশি আক্তার।

পুলিশ জানিয়েছে, প্রতিদিনের মত সকালে মেয়ে নিশিকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন টুম্পা। সকাল সাড়ে ৯টার দিকে মরজাল বাসস্ট্যান্ডের পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে মহাসড়ক পার হচ্ছিলেন তারা।

ওই সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিশি মারা যায়।

গুরুতর আহত অবস্থায় টুম্পা বেগমকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ভৈরব হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক জানান, স্থানীয়দের সহযোগিতায় বাসটিকে জব্দ করা গেলেও এর চালক পলাতক। এই ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।