২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবধান, উঠে দাঁড়াতে পারবেন না: বিএনপিকে শামীম ওসমান

শামীম ওসমান বলেন, “কিছু হইলে, জনগণ যদি নির্দেশ দেয়, তাহলে কারও বাড়িঘর রক্ষা পাবে না। পরের চিন্তা পরে করমু।”

সাবধান, উঠে দাঁড়াতে পারবেন না: বিএনপিকে শামীম ওসমান

নগরীর চাষাঢ়ায় রাইফেলস্ ক্লাবে আওয়ামী লীগের কর্মীসভায় বক্তৃতা করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2023, 07:17 PM

Updated : 25 Oct 2023, 07:17 PM

‘ধ্বংসাত্মক’ কর্মকাণ্ড পরিহার করে বিএনপিকে ‘সু্ষ্ঠুভাবে’ রাজনীতি করার পরামর্শ দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।

এ সময় আওয়ামী লীগের এই সংসদ সদস্য হুঁশিয়ারি দিয়ে বলেন, “এমনিতেই তো আমাকে গডফাদার কয়। বিএনপি-জামায়াতের কাছে ডাইরেক্ট ম্যাসেজ দিচ্ছি, নারায়ণগঞ্জে যারা জাতির পিতার কন্যাকে গালি দিচ্ছেন; একদম সাবধান, এত কঠোর জবাব দেওয়া হবে যে উঠে দাঁড়াতে পারবেন না।

“আমরা কিন্তু বিকলাঙ্গ না। আমাদের কোনো বিশেষ সাহায্য লাগে না। পুলিশ, বিডিআর, র‌্যাবের প্রয়োজন হয় না। এতদিন ধৈর্য ধরেছি, সামনে আর ধৈর্য ধরা হবে না।”

শনিবার বিকালে নগরীর চাষাঢ়ায় রাইফেলস্ ক্লাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে এক কর্মীসভায় তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বিএনপির উদ্দেশে বলেন, “রাজনীতি করতে চাইলে সুষ্ঠুভাবে করেন। কিন্তু গাড়িতে আগুন দেবেন, মানুষ পুড়িয়ে মারবেন, নেত্রীকে খারাপ গালি দেবেন এবং কিছু হইলে, জনগণ যদি নির্দেশ দেয়, তাহলে কারও বাড়িঘর রক্ষা পাবে না। পরের চিন্তা পরে করমু।”

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, “সামনে খারাপ সময় আসতেছে। আপনাদের সবার হাত জোড় করি, পা জোড় করি, এই সময়টায় আপনারা সবাই এক থাকেন।”

এ সময় ১৬ সেপ্টেম্বর শহরে জনসভার ঘোষণা দেন শামীম ওসমান। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]