১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএনওর উপস্থিতিতে পূজা উদযাপন পরিষদের নেতাদের হাতাহাতি

ফরিদপুরের নগরকান্দায় এই ঘটনা ঘটে।

ইউএনওর উপস্থিতিতে পূজা উদযাপন পরিষদের নেতাদের হাতাহাতি

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পূজা উদযাপন পরিষদের দুই পক্ষের সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2022, 10:02 PM

Updated : 07 Aug 2022, 10:02 PM

ফরিদপুরের নগরকান্দায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিতিতে পূজা উদযাপন পরিষদের দুই পক্ষের সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

রোববার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই ঘটনা ঘটে বলে নগরকান্দা পৌরসভার মেয়র ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নিমাই চন্দ্র সরকার জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরকান্দা উপজেলায় পূজা উদযাপন পরিষদের দুটি কমিটি রয়েছে। একটির সভাপতি বিধান চন্দ্র বিশ্বাস এবং অপরটির সভাপতি মনোরঞ্জন বিশ্বাস।

একই উপজেলায় দুটি কমিটি থাকায় বিভিন্ন সময় প্রশাসনিক ও সামাজিক কাজে জটিলতা তৈরি হচ্ছিল। এ জটিলতা সমাধানের জন্য ইউএনও এস এম ইমাম রাজি দুই পক্ষকে নিয়ে সভার আয়োজন করেন। উদ্দেশ্য ছিল, বিবাদ মিটিয়ে গ্রহণযোগ্য একটি কমিটি গঠন করা।

সভা চলাকালে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। তখন ইউএনও এবং আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ফলে কোনো সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হয়।

ইউএনও এস এম ইমাম রাজি বলেন, “এখানে পূজা উদযাপন পরিষদের দুটি কমিটি রয়েছে। প্রতিদিনই দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে নালিশ করতে আসে। আবার তারাই আমাকে বলেছেন, সবাইকে নিয়ে বসে দুই পক্ষকে এক করে দিতে।

“সেই লক্ষ্যেই উপজেলায় সভার আয়োজন করা হয়। কিন্তু হট্টোগোলের কারণে কোনো সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ করতে হয়।”

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নিমাই চন্দ্র সরকার বলেন, “ইউএনও সাহেব ভালো একটা উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু সেটি সফল হয়নি। যেটি ঘটেছে তা ন্যাক্কারজনক।

“বিধান বিশ্বাস ও মনোরঞ্জন বিশ্বাসের সমর্থকদের কথা কাটাকাটি থেকে হাতাহাতিতে লিপ্ত হওয়ায় সভাটি পণ্ড হয়ে যায়। ”