১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় চাকায় হাওয়া দেওয়ার মেশিন বিস্ফোরণে নিহত ১

মেশিনটি বিকট শব্দে বিস্ফোরিত হলে দোকানটি উড়ে যায়।

কুমিল্লায় চাকায় হাওয়া দেওয়ার মেশিন বিস্ফোরণে নিহত ১
কুমিল্লার বুড়িচং উপজেলায় একটি গ্যারেজে গাড়ির চাকায় হাওয়া দেয়ার মেশিন বিস্ফোরিত হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2025, 03:51 PM

Updated : 26 Aug 2026, 12:25 PM

কুমিল্লার বুড়িচং উপজেলায় গাড়ির চাকায় হাওয়া দেয়ার ‘এয়ার কমপ্রেসার’ মেশিন বিস্ফোরণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন দুইজন।

বুধবার বেলা ১২টায় উপজেলা সদর এলাকায় পেট্রোল পাম্প সংলগ্ন আগানগর এলাকায় একটি গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বুড়িচং থানার ওসি আজিজুল হক। 

নিহত জামশেদ আলম (৫০) ওই গ্যারেজের মালিক ছিলেন। তিনি ষোলনল ইউনিয়নের আগানগর গ্রামের রহমত আলীর ছেলে। 

আহতরা হলেন- খাড়াতাইয়া গাজীপুর গ্রামের আবদুল সোবহনের ছেলে মো. মহসিন (৩৮), বুড়িচং নোয়াপাড়া গ্রামের রাব্বান ভূইয়ার ছেলে মো. শাহ আলম (৪০)। 

স্থানীয়দের বরাতে ওসি বলেন, দোকানের মালিক জামশেদ আলম গাড়ির চাকায় ব্যবহারের জন্য এয়ার কমপ্রেসার মেশিনে (হাওয়া মেশিন) বাতাস লোড করছিলেন। এক সময় মেশিনটি বিকট শব্দে বিস্ফোরিত হলে দোকানটি উড়ে যায়। এতে দোকানে থাকা জামশেদ আলম, মহসিন ও শাহ আলম আহত হয়। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে বুড়িচং উপজেলা সরকারি হাসপাতালে নিলে চিকিৎসক জামশেদ আলমকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, আহত দুই জনকে হাসপালে চিকিৎসা দেওয়া হচ্ছে।