টাঙ্গাইলে কৃষক হত্যা মামলায় বৃদ্ধ গ্রেপ্তার
বাড়ির পাশে সবজি ক্ষেতের আইল কাটা নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে ওই কৃষককে পিটিয়ে হত্যা করা হয়।
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় কৃষক হত্যা মামলার আসামি এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
সোমবার দুপুরে তাকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন বাসাইল থানার ওসি আলমগীর কবির।
রোববার মধ্যরাতে জেলা শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ৭৫ বছর বয়সী লাবু মিয়া ওরফে লেবু মেলেটারি উপজেলার কলিয়া সিকদারবাড়ি এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, চলতি বছরের ১ ফেব্রুয়ারি সকালে আনছার আলী (৪৩) বাড়ির পাশে সবজি ক্ষেতের আইল কাটছিলেন। এ সময় লেবু মেলেটারি সেখানে গিয়ে আনছারকে গালিগালাজ করেন। পরে প্রতিবাদ জানিয়ে আনছারের স্ত্রীও তাকে গালিগালাজ করেন।
কথা-কাটাকাটির এক পর্যায়ে আনছারকে মারধর করেন লেবু মেলেটারি। এতে আনছার মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পরদিন আনছারের স্ত্রী জরিনা বেগম বাদী হয়ে লেবু মেলেটারিকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার পর থেকে লেবু পলাতক ছিলেন।
ওসি আলমগীর কবির বলেন, আসামিকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করে র্যাব। পরে তাকে আদালতে পাঠানো হয়।
