২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে শিশু সাংবাদিকদের দিনব্যাপী ফলোআপ কর্মশালা

অতিথিরা এটিকে অসাধারণ একটি উদ্যোগ বলে মন্তব্য করেছেন।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2024, 08:56 PM

Updated : 26 Aug 2026, 09:38 AM

পার্বত্য জেলা রাঙামাটিতে শিশু সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সকাল থেকে শহরের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সমন্বিত সামাজিক নিরাপত্তা প্রকল্পের সম্মেলন কক্ষে এ কর্মশালা হয়। 

এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সমন্বয়ক মো. মনির হোসাইন।

কর্মশালায় অংশ নেওয়া ১০ শিশু সাংবাদিককে পেশাগত বিভিন্ন দিক নিয়ে হাতে-কলমে শেখানো হয়। 

একইসঙ্গে সাংবাদিকতার নীতিমালা, করণীয় ও আচরণ সম্পর্কেও সামগ্রিক ধারণা দেওয়া হয়।  

বিকালে সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ার আল হক। 

এতে শুভেচ্ছা বক্তব্য দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ও দৈনিক পার্বত্য চট্টগ্রাম সম্পাদক ফজলে এলাহী। 

অতিথিরা হ্যালোর উদ্যোগটিকে অসাধারণ একটি কাজ মন্তব্য করে বলেন, আগামী দিনের সংবাদকর্মী তৈরি ও সাংবাদিকতা পেশার গুণগত মান উন্নয়নে বিরাট ভূমিকা পালন করবে এই উদ্যোগ। 

তারা আরও বলেন, এ বয়সে শিশুরা সাংবাদিকতা সম্পর্কে যে ধারণা পাচ্ছে, তা তাদের ব্যক্তিগত জীবনে সমৃদ্ধির পাশাপাশি, ভবিষ্যতে পেশা নির্বাচনেও প্রভাব ফেলবে। 

প্রশিক্ষণে সহযোগিতা করেন হ্যালোর প্রথম ব্যাচের সদস্য রায়হান সাঈদ ও রাঙামাটির সংগঠক তানিয়া এ্যানি।