‘শেষ সময়ে এসে বেপরোয়া হয়ে উঠেছে সরকার’
“এ সরকারকে জনগণ আর চায় না; অচিরেই এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটবে।”
আওয়ামী লীগ সরকারের দিন ফুরিয়ে আসছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, “সরকার গুণে গুণে আর ৩০ দিনও ক্ষমতায় থাকতে পারবে না। শেষ সময়ে এসে তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। গণতন্ত্রকামী মানুষকে হামলা, মামলা ও নির্যাতন চালিয়ে দমিয়ে রাখার ষড়যন্ত্র করছে। কিন্তু তাদের ষড়যন্ত্র সফল হবেনা।”
সোমবার বিকালে সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন বিএনপির এই নেতা।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “বর্তমান সরকার একটি জুয়াড়ি সরকার। গত দুই জাতীয় সংসদ নির্বাচনে তারা জনগণের সঙ্গে জুয়া খেলেছে। এ সরকারকে জনগণ আর চায় না। অচিরেই এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, পরিচালনা করেন জেলার সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, “এই সরকারের অধীনে কোন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারেনা, বিশ্ববাসীর কাছে তা আজ প্রমাণিত। সরকার পুলিশ বাহিনী এবং তাদের দলীয় সন্ত্রাসী বাহিনীর উপর নির্ভর করে ক্ষমতায় ঠিকে থাকার স্বপ্ন দেখেছে। কিন্তু বাংলাদেশে ভোটারবিহীন প্রহসনের আর কোনো নির্বাচন জনগণ হতে দেবে না।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আশিক উদ্দিন আশুক ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালীসহ অন্যরা।
একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়ক ঘুরে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
