সিরাজগঞ্জে হত্যা মামলায় তিন ভাইসহ ৪ জনের যাবজ্জীবন
এ ছাড়া দুইজনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
সিরাজগঞ্জ সদর উপজেলায় ১১ বছর আগের একটি হত্যা মামলায় তিন ভাইসহ চারজনকে যাবজ্জীবন ও দুইজনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মো. ইকবাল হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) রফিক সরকার।
যাবজ্জীবন দণ্ড পাওয়ারা হলেন- সদর উপজেলার বহুলি ইউনিয়নের চাঁদপাল গ্রামের আব্দুল খালেকের তিন ছেলে আব্দুল আলিম, মোজাম আলী ও আব্দুর রউফ এবং একই এলাকার প্রয়াত জোসেফ উদ্দিনের ছেলে আবু বক্কার।
দুই বছর সাজা পাওয়ারা হলেন- একই গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুল্লাহ এবং মোস্তাফিজুর রহমান।
মামলার বরাতে পিপি রফিক সরকার বলেন, পূর্ব শক্রতা ও গ্রামের রাস্তা নির্মাণের কাজ নিয়ে বিরোধের জেরে ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর সকালে আশরাফ আলীর সঙ্গে প্রতিপক্ষের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশি অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়।
তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৬ সেপ্টেম্বর আশরাফ আলীর মৃত্যু হয়।
এ ঘটনায় আশরাফের স্ত্রী সুফিয়া খাতুন বাদী হয়ে সদর থানায় ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করে মামলা করেন বলে জানান পিপি।
সাক্ষ্য গ্রহণ শেষে চারজনকে যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও ছয় মাসের জেল এবং দুই আসামিকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয় বলে জানান রফিক সরকার।
এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত আমির হামজা সেখ ও লিলি খাতুনকে বেকসুর খালাস দিয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
