Published : 07 Mar 2026, 04:12 PM
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিলের পানি নিয়ে একই বাড়ির দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১২ জন আহত হয়েছে।
উপজেলার ভোলাকোট ইউনিয়নের পূর্ব টিওরী গ্রামের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।
শুক্রবার বিকালে ঘটনাটি ঘটলেও শনিবার দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, পূর্ব টিওরি গ্রামের বিলটি পানি ব্যবহার নিয়ে মোল্লা বাড়ির দুই পক্ষ মোহন মোল্লা ও রাছেলদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
সেই বিরোধকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে মোহন ও তার ভাই আব্দুল মজিদ, ভাবি শারমিন আক্তার, ভাতিজি সানজিদা আক্তার, শিশু সাফোয়ান আহত হয়। অপরপক্ষের রাছেলসহ তার স্বজন রাকিব হোসেন, রায়হান আহমেদ, আছমা আক্তার, কুলছুম বেগম, আবুল হোসেন ও বেলায়েত হোসেন বিল্লাল আহত হয়েছেন।
তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের চিকিৎসা দেওয়া হয়। মজিদ নামে একজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
ওসি মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, উভয়পক্ষকেই থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে কেউই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।