নরসিংদীতে কোটি টাকার ভারতীয় প্রসাধনী জব্দ
এ ঘটনায় কভার্ড ভ্যানসহ চালকের সহকারীকে আটক করা হয়েছে।
নরসিংদীর রায়পুরা উপজেলায় ভারত থেকে অবৈধভাবে অনা প্রায় এক কোটি টাকার প্রসাধনী জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় কভার্ড ভ্যানসহ চালকের সহকারীকে আটক করা হয়েছে।
রোববার রাত ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার নারায়ণপুর এলাকার লাল মিয়া ফিলিং স্টেশনের সামনে থেকে এসব জব্দ করা হয় বলে জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শামসুল আরেফিন।
আটক মো. সাদেক (৪৫) সিলেটের জৈয়ন্তপুর উপজেলার চিগনাগুল বাজারের ঘাটেরচটি এলাকার মো. মুছন মিয়ার ছেলে। তিনি চালকের সহকারী।
সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন জানান, গোপন খবর পেয়ে সিলেট থেকে ঢাকাগামী একটি কভার্ড ভ্যান আটক করে তল্লাশি চালায় ডিবি পুলিশ।
কভার্ড ভ্যানে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী পাওয়া যায়; যার আনুমানিক বাজার মূল্য এক কোটি টাকা বলে জানান তিনি।
শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত হয়ে ভারতীয় এসব শ্যাম্পু, সাবান, মেডিসিনসহ বিভিন্ন ধরনের কসমেটিকস ঢাকায় পাচার করা হচ্ছিল বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে রায়পুরা থানায় আটকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এর আগে ৭ নভেম্বর ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ঘাসিরদিয়ায় একটি কভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় কোটি টাকার ভারতীয় প্রসাধনী জব্দ করে পুলিশ।
