১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মিয়ানমার সীমান্তের ওপারে ফের গোলাগুলি

আরকান আর্মি এবং অন্য কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2025, 09:15 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

বেশ কিছুদিন বন্ধ থাকার পর কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ওপারে মিয়ানমার অংশে ফের গোলাগুলির শব্দ শোনা গেছে।   

সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল উদ্দিন সোমবার বিকালে বলেন, “রোববার রাত ১১টার পর থেকে বেশ অনেকক্ষণ ধরেই এই গোলাগুলি চলতে থাকে। বাসিন্দারা সবাই এই গোলাগুলির শব্দ শুনতে পেরেছেন। 

“আমি তখন এলাকার বাইরে ছিলাম। কিন্তু পরিবারের সদস্য ও এলাকার মানুষ জানিয়েছে, হঠাৎ করে গোলাগুলির শব্দে সবাই আতঙ্কিত হয়ে পড়েন।” 

বিজিবির একজন সদস্য জানিয়েছেন, সীমান্তের ওপারে শূন্যরেখা থেকে ৩০০-৩৫০ মিটার দূরে আরকান আর্মি এবং অন্য কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। 

বাংলাদেশে গুলি না আসলেও পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা জোরদার করে সর্তক রয়েছে বিজিবি।

২০২৪ সালের ডিসেম্বরে আরকান আর্মি মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকার রাখাইন অংশের পুরো ২৭১ কিলোমিটার নিজেদের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছিলো। তারপর থেকে এই অঞ্চলে আরাকান আর্মির নিয়ন্ত্রণ রয়েছে।