১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সহকর্মীদের ওপর হামলার প্রতিবাদ এবং নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ২৪ ঘণ্টা কর্মবিরতি পালন করেন ইন্টার্ন চিকিৎসকরা।

রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জের কক্ষে সংবাদ সম্মেলনে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2026, 04:02 PM

Updated : 26 Aug 2026, 03:28 PM

সহকর্মীদের ওপর হামলার প্রতিবাদ এবং নিরাপদ কর্মপরিবেশের দাবিতে কর্মবিরতিতে যাওয়ার ২৪ ঘণ্টা পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কাজে ফিরেছেন।

বুধবার সকাল ৯টায় হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জের কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি তানভীর আহমেদ তৌকির। তিনি বলেন, চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে হাসপাতালের পরিচালক সম্মতি দিয়েছেন। 

“এই আশ্বাসের পরিপ্রেক্ষিতেই কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তারা। ঘোষণার পরপরই ইন্টার্ন চিকিৎসকরা নিজ নিজ ওয়ার্ডে ফিরে চিকিৎসাসেবা কার্যক্রমে যোগ দেন।”

হাসপাতালে মব সৃষ্টি করে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদ এবং নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মঙ্গলবার সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দেন ইন্টার্ন চিকিৎসকরা।

কর্মবিরতির মধ্যেও চিকিৎসাসেবায় বড় ধরনের কোনও ব্যাঘাত ঘটেনি বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। সংবাদ সম্মেলনে হাসপাতালের মূখপাত্র চিকিৎসক শংকর কে বিশ্বাস বলেন, ইন্টার্নরা কর্মবিরতিতে থাকলেও মিড ও সিনিয়র চিকিৎসকরা অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। ফলে রোগীদের তেমন ভোগান্তিতে পড়তে হয়নি।

এ সময় ইন্টার্ন ডক্টরস সোসাইটি সদস্য চিকিৎসক আবিরা সুলতানা এবং চিকিৎসক নাসরুল্লাহ শেখ উপস্থিত ছিলেন।

রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে কর্মবিরতি