রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে কর্মবিরতি
সকাল ৯টা থেকে কর্মবিরতি শুরু হলে ভোগান্তিতে পড়েন রোগীরা।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সহকর্মীদের ওপর হামলার প্রতিবাদ এবং নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।
মঙ্গলবার সকাল ৯টা থেকে কর্মবিরতি শুরু হলে ভোগান্তিতে পড়েন রোগীরা। তবে সিনিয়র চিকিৎসকদের দিতে সেবা চালু রাখার কথা বলেছেন হাসপাতালের মুখপাত্র সংকর কে বিশ্বাস।
একই দাবিতে সকাল ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে মানববন্ধনও করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।
মানববন্ধন শেষে তারা হাসপাতালের পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের দাবি তুলে ধরেন।
ইন্টার্ন চিকিৎসকরা অভিযোগ, রোববার রাতে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে দুইজন পুরুষ ইন্টার্ন চিকিৎসককে ‘মব সৃষ্টি’ করে হেনস্তা করা হয়। এ ছাড়া সোমবার সন্ধ্যায় ৩৬ নম্বর ওয়ার্ডে এক নারী ইন্টার্ন চিকিৎসকও একই ধরনের ঘটনার শিকার হন।
এসব ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে কর্মবিরতি পালন করছেন তারা। পাশাপাশি ইন্টার্ন চিকিৎসকদের জন্য নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিতের দাবি তোলা হয়।
ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি তানভীর আহমেদ তৌকির বলেন, হাসপাতালের ধারণক্ষমতার কয়েকগুণ রোগীর চাপ সামলে ইন্টার্ন চিকিৎসকদের প্রতিদিন ১২ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত দায়িত্ব পালন করতে হয়। তবুও চিকিৎসা দিতে গিয়ে বারবার হামলার শিকার হতে হচ্ছে।
“নিরাপত্তা নিশ্চিতসহ আমাদের ন্যায্য দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে”, বলেন তিনি।
আন্দোলনকারীদের দাবিগুলো যৌক্তিক জানিয়ে হাসপাতালের মুখপাত্র সংকর কে বিশ্বাস বলেন, ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের পরিচালকের কাছে তাদের দাবিগুলো জানিয়েছেন। তাদের দাবি কীভাবে বাস্তবায়ন সম্ভাব সে বিষয় নিয়ে কর্তৃপক্ষ ভাবছে। এ ছাড়া তাদের কর্মস্থলে ফেরানোর চেষ্টা চলছে।
