২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি খারাপ হলে ৫ বছর সঙ্গে ছিল কেন: জামায়াত নিয়ে তারেক

“ধানের শীষের পাশাপাশি দয়া করে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দেবেন,” বলেন বিএনপি চেয়ারম্যান।

বিএনপি খারাপ হলে ৫ বছর সঙ্গে ছিল কেন: জামায়াত নিয়ে তারেক
রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে শুক্রবার বিএনপির নির্বাচনি সমাবেশ বক্তব্য দেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ছবি: বিএনপির ফেইসবুক পেইজ

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2026, 09:28 PM

Updated : 26 Aug 2026, 02:49 PM

বিএনপি রাজনৈতিক দল হিসেবে ‘খারাপ হলে’ বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন পাঁচ বছর জোটসঙ্গী হিসেবে ছিল, সেই প্রশ্ন তুলেছেন তারেক রহমান।

শুক্রবার রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে নির্বাচনি সমাবেশে বিএনপি চেয়ারম্যান এমন প্রশ্ন তোলেন।

জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে তিনি বলেন, “একটি দল আছে, যার বিএনপির বিরুদ্ধে গত কয়েক দিন ধরে মিথ্যা বলে যাচ্ছে; আজও বলেছে।”

অষ্টম সংসদ নির্বাচনে জয়লাভের মাধ্যমে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল বিএনপি নেতৃত্বাধীন সরকার। ওই জোট সরকারে বিএনপির প্রধান শরিক দল ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ওই সরকারের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, “তাদের দুজন আমাদের সঙ্গে ছিল; ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত।

“আমার প্রশ্ন হলো, ভালো মানুষের সঙ্গেই তো ভালো মানুষ থাকে, নাকি? বিএনপি যদি খারাপ দলই হয়, তাহলে তারা পাঁচ বছর কেন সঙ্গে ছিল?”

তারেক রহমান বলেন, “হয় দলটির মাথা খারাপ হয়ে গেছে, নয়ত নিজেদের নেতৃত্ব সম্পর্কে তারা ভুল কথা বলছে।”

সমাবেশে যোগ দেওয়ার আগে এদিন সন্ধ্যায় পীরগঞ্জে আবু সাঈদের কবর জিয়ারত করেন তারেক রহমান। এরপর আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে কালেক্টরেট ঈদগাহ মাঠের উদ্দেশে রওনা হন তিনি।

পথে পথে নেতাকর্মীদের ভিড় ডিঙিয়ে সমাবেশস্থলে আসতে তার প্রায় পৌনে দুই ঘণ্টা লেগে যায়।

তারেক রহমান মঞ্চে ওঠেন রাত সাড়ে ৮টায়; বক্তব্য শুরু করেন পৌনে ৯টার দিকে।

‘গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ভোট দিন’

তারেক রহমান বলেন, ‘‘ এই যে ১২ তারিখে আপনারা আপনাদের পরিকল্পনা (ধানের শীষে ভোট) সফল করতে যাবেন, একই সাথে আরেকটি কাজ করতে হবে, যে অধিকার ফেরানোর জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে, চট্টগ্রামে ওয়াসিম নিজের জীবনকে উৎসর্গ করেছে, এমন হাজারো মানুষ, যারা নিজের জীবনকে উৎসর্গ করেছে, তাদের উৎসর্গ স্বার্থক করতে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদকে আমাদের সন্মান করতে হবে।

“সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে, ধানের শীষে যেমন সিলটা দেবেন, একই সাথে আপনাকে দ্বিতীয় ব্যালট পেপার দেবে ‘হ্যাঁ’ এবং ‘না’। সেখানে ‘হ্যাঁ’র পক্ষে দয়া করে আপনারা রায় দেবেন। মনে থাকবে তো?”

‘তিস্তা ব্যারেজ বাস্তবায়ন করা হবে’

তারেক রহমান বলেন, ‘‘এই এলাকাসহ সারা বাংলাদেশে একটি বিরাট সমস্যা হচ্ছে আমাদের পানি সমস্যা। বিশেষ করে যেহেতু এলাকাটি কৃষিপ্রধান এলাকা, এই এলাকায় এই সমস্যাটা রয়েছে এবং এই সমস্যাটি সমাধানের জন্য কাজে হাত দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ইনশাআল্লাহ ১২ তারিখে নির্বাচনের পরে ১৩ তারিখে বিএনপি সরকার গঠন করলে এই এলাকার মানুষের জন্য তিস্তা ব্যারেজের মহাপরিকল্পনার স্বপ্ন, সেটা পূরণের কাজে যথাসম্ভব দ্রুত আমরা হাত দিব।”

এছাড়া এই অঞ্চলে কৃষি শিল্প প্রতিষ্ঠায় উদ্যোক্তাদের বিশেষ সহায়তা প্রদান, ১০ হাজার টাকার পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ, এনজিওদের কাছে ক্ষুদ্র ঋণ যারা নিয়েছে, তাদের ঋণ সরকার কর্তৃক পরিশোধের ব্যবস্থাসহ বিভিন্ন দাবি বাস্তবায়ন করা হলে বলে প্রতিশ্রুতি দেন তারেক রহমান।

প্রায় ২৫ মিনিটের বক্তব্যে তারেক রহমান বলেন, “অনেক মানুষ বলেন, রংপুর গরিব অঞ্চল। কিন্তু আমি মনে করি, এই অঞ্চল সবচেয়ে সম্ভাবনাময়। কিন্তু সেই সম্ভাবনা বাস্তবায়ন করতে হলে দরকার সঠিক পরিকল্পনা, সঠিক ব্যক্তি, সঠিক নেতৃত্ব।

‘‘ তাহলেই এই বিভাগের আমরা পরিবর্তন করতে পারব। কিন্তু সেই আমল পরিবর্তন করতে হলে ওই যে বললাম সঠিক ব্যক্তি এবং সঠিক নেতৃত্ব দরকার “

তারেক রহমানের আগমন উপলক্ষে দুপুর থেকে কালেক্টরেট ঈদগাহ মাঠে নেতাকর্মীর আসতে শুরু করেন। ছোট ছোট মিছিল নিয়ে আসা নেতাকর্মীদের হাতে দেখা যায় ধানের ছড়া  ও প্রার্থীদের ছবি সংবলিত প্ল্যাকার্ড।

বিকাল সাড়ে ৪টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের  কার্যক্রম শুরু হয়।

রংপুর জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, ‘‘গোটা রংপুর বিভাগের ৮ জেলার ৩৩ জন প্রার্থী তাদের কর্মী-সমর্থকদের নিয়ে সমাবেশে এসেছেন।

‘‘আপনার দেখছেন, পুরো ঈদগাহ মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে রূপ নিয়েছে।”

সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ রংপুর বিভাগের বিভিন্ন আসনে ধানের প্রার্থীরা বক্তব্য দেন।

রংপুর  অঞ্চলের ৩৩ আসনের প্রার্থীরা এই সমাবেশে ছিলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মাহফুজ উন নবী ডন।

তারেককে ‘ভাবী প্রধানমন্ত্রী’ বললেন ফখরুল

সমাবেশে তারেক রহমানকে ‘ভাবী প্রধানমন্ত্রী’ বলে সম্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

ফখরুল বলেন, “ভাবী প্রধানমন্ত্রী তিনি। আমাদেরকে আগামী দিনগুলোতে বাংলাদেশকে একটা উন্নত দেশে পরিণত করবেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের ধ্বংস করে যাওয়া বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে।

“স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র, গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান এখন আমাদের দিশারী, আমাদের কাণ্ডারি।”

নেতাকর্মীদের উদ্দেশ করে বিএনপি মহাসচিব বলেন, “সাবধান, চক্রান্ত হচ্ছে। একটি দল, যারা ১৯৭১ সালে  আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল, হত্যা করেছিল মানুষদেরকে, সেই দলটি আজ আবার চক্রান্ত করছে বাংলাদেশের নির্বাচনকে বানচাল করে দেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে।”

বগুড়ায় পৌঁছেছেন তারেক

রংপুরে সমাবেশ শেষ করে রাতে বগুড়ার উদ্দেশে রওনা হন তারেক রহমান। তিনি বগুড়ার নাজ গার্ডেন হোটেলে পৌঁছান রাত পৌনে ১২টার দিকে। 

নাজ গার্ডেনের মালিক বিএনপি নেতা শোকরানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপি চেয়ারম্যান শনিবার সকালে ঢাকার উদ্দেশে রওনা হবেন। 

বগুড়া-৪ ( কাহালু- নন্দীগ্রাম) আসনে বিএনপির প্রার্থী মো. মোশাররফ হোসেন জানান, ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে সভা করবেন তারেক রহমান।  

আরও পড়ুন

রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

তারেক রহমানের কাছে আবু সাঈদ হত্যার রায়ের বাস্তবায়ন চাইবে পরিবার