চিন্ময় ব্রহ্মচারীর মুক্তির দাবিতে নাটোর-নারায়ণগঞ্জে বিক্ষোভ
বিকেলে চিন্ময় দাশকে ঢাকার শাহজালাল আন্তর্জতিক বিমানবন্দর থেকে আটকের পর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে নাটোর ও নারায়ণগঞ্জে বিক্ষোভ হয়েছে।
সোমবার রাত ৯টার দিকে নাটোর শহরের কানাইখালী এলাকায় বিক্ষোভ করেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নাটোর জেলা শাখার নেতাকর্মীরা।
সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে রাত সাড়ে ৮টা থেকে তার অনুসারীরা জড়ো হতে থাকেন। রাত সাড়ে ৯টা পর্যন্ত তারা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং তার মুক্তির দাবি জানান।
এ সময় বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু মহাজোট নাটোর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ভাস্কর বাগচী, যুব মহাজোটের সাধারণ সম্পাদক চন্দন নাগ, হিন্দু মহাজোটের নেতা দেবাশিষ কুমার দেবু।
বক্তারা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর মুক্তি দাবি করে বলেন, তাকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে, বিক্ষোভের শুরু থেকেই কানাইখালী এলাকায় পুলিশ ও সেনা সদস্যদের উপস্থিতি দেখা যায়।
ঘটনাস্থলে নাটোরের পুলিশ সুপার মারুফাত হোসাইন বলেন, “শান্তিপূর্ণভাবে তারা ঘটনাস্থল ছেড়ে গিয়েছেন। শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।”
বিকেলে চিন্ময় দাশকে ঢাকার শাহজালাল আন্তর্জতিক বিমানবন্দর থেকে আটকের পর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
নারায়ণগঞ্জ:
চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে মিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কয়েকশ হিন্দু ধর্মালম্বী৷
রাত ৯টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কে শতাধিক ব্যক্তির মিছিল বের হয়৷ তারা পরে শহরের চাষাঢ়া চত্বরে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন৷
এতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কসহ আশপাশের গুরুত্ব সড়কগুলো যানচলাচলে বিঘ্ন ঘটে৷
এ সময় সড়কের পাশে পুলিশের সতর্ক উপস্থিতি দেখা যায়৷
রাত পৌনে ১১টার দিকে মিছিল করে তারা সড়ক ছাড়েন৷
এর আগে আগামীকাল মঙ্গলবার দুপুরে শহরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচির ঘোষণা করেন বিক্ষোভকারীরা৷
