২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় আধিপত্যের সংঘর্ষ, নিয়ন্ত্রণে পুলিশের রাবার বুলেট

সংঘর্ষে উভয়পক্ষের লোকজন লাঠিসোটা, টেঁটা, বল্লম, ছুরি, চাপাতি ও রাম দা ব্যবহার করে।

ফতুল্লায় আধিপত্যের সংঘর্ষ, নিয়ন্ত্রণে পুলিশের রাবার বুলেট

সংঘর্ষের পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2022, 08:39 PM

Updated : 29 Aug 2022, 08:39 PM

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রভাবশালী দুটি পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ সংঘর্ষ চলে৷

পুলিশ জানিয়েছে, এ সময় কয়েকটি বাড়ি ও দোকানে ভাঙচুর চালানো হয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গেলে পুলিশের উপরও ইট-পাটকেল নিক্ষেপ করে সংঘর্ষে জড়ানো উভয়পক্ষ৷ এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন৷ পরে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

স্থানীয় বাসিন্দা ও হামলায় ক্ষতিগ্রস্ত লোকজন জানান, স্থানীয়ভাবে রাজনৈতিক প্রভাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলীর ঘনিষ্ঠ জাকিরের সঙ্গে একই এলাকার সামেদ আলী ও কাদির গ্রুপের বিরোধ রয়েছে।

Image

সংঘর্ষের মধ্যে আশেপাশের দোকান ও বাড়িঘরে ভাঙচুর চালানো হয়৷

এর জেরে সোমবার সকালে এই দুটি পক্ষ সংঘর্ষে গড়ায়। দুপুর পর্যন্ত তাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়৷ উভয়পক্ষের লোকজন লাঠিসোটা, টেঁটা, বল্লম, ছুরি, চাপাতি ও রাম দা নিয়ে সংঘর্ষে জড়ান৷ এ সময় ভাঙচুর চালানো হয় আশেপাশের কয়েকটি দোকান ও বাড়িঘর৷ এ ঘটনায় টেঁটাবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়৷ তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন৷

শওকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিপক্ষের একজন দুর্ধর্ষ সন্ত্রাসীর বাহিনী গত ২৩ অগাস্ট আমার বাড়িতে হামলা চালায়৷ এতে গ্রামবাসী ক্ষুব্ধ ছিল৷ গ্রামবাসীর সাথে এ নিয়ে মারামারি হয় ওই সন্ত্রাসীর লোকজনের সাথে৷”

তবে সংঘর্ষের ঘটনায় নিজের বিষয়টি অস্বীকার করেন শওকত আলী৷

তিনি বলেন, “ঝামেলা এড়াতে আমি আগের হামলার ঘটনায় থানায় অভিযোগও করি নাই৷ এই মারামারিতে আমার কোনো সম্পৃক্ততা নাই৷ জাকির ও আমার বাড়ি একই গ্রামে৷ গ্রামবাসীর সাথে আজকে জাকিরও ছিল৷”

তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের উপর ইটপাটকেল মারা হয়৷ তখন পুলিশও রাবার বুলেট ছোড়ে৷ এতে সাতজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে৷

Image

সংঘর্ষের মধ্যে আশেপাশের দোকান ও বাড়িঘরে ভাঙচুর চালানো হয়৷

সংঘর্ষের বিষয়ে সামেদ আলীর সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি; তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়৷

ফতুল্লা থানার ওসি রিজাউল হক দিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে হামলাকারীদের ইট-পাটকেলে পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন৷

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমীর খসরু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গেলে পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে৷ পরে পুলিশ ১৫-২০ রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছোড়ে৷

“সংঘর্ষের পর থেকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷ বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে৷ এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”