রাঙামাটিতে ১৯ বছরের ধারাবাহিকতায় একুশের বর্ণলিখন-চিত্রাঙ্কন
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী প্রতিযোগীতায় অংশগ্রহণ করে।
‘একুশ মানে মাথা নত না করা’ শ্লোগানে টানা উনিশ বছরের ধারাবাহিকতায় এবারও রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের বর্ণলিখন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
মঙ্গলবার সকাল ৭টায় জেলা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
যাদের মধ্যে বিজয়ী ১২০ জনকে ক্রেস্ট ও সনদপত্র পুরষ্কার দেওয়া হয় বলে জানিয়েছেন কর্মসূচির আয়োজকদের একজন ও শুভসংঘর সভাপতি মং চিং চৌধুরী।
পুরষ্কার বিতরণ করেন শিক্ষাবিদ অঞ্জুলিকা খীসা ও গৌরিকা চাকমা, উন্নয়নকর্মী ও উদ্যোক্তা সাগরিকা রোয়াজা, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি ও সচেতন নাগরিক কমিটির নেতা অমলেন্দু হাওলাদার, কবি হাসান মঞ্জু, চিত্রশিল্পী রেজাউল করিম ও মো. ইব্রাহীম।
বক্তব্য রাখেন, গ্লোবাল ভিলেজের পরিচালক সৈয়দ হেফাজত উল বারি সবুজ, আবৃত্তি সংগঠন আফ্রোদিতির সংগঠক সাইফুল হাসান, শুভসংঘর সভাপতি মং চিং চৌধুরী, বিতর্ক সংগঠন পার্বত্য চট্টগ্রাম ডিবেট ফেডারেশনের সংগঠক তুষার ধর এবং দৈনিক পার্বত্য চট্টগ্রামের সম্পাদক ফজলে এলাহী।
প্রধান অতিথির বক্তব্যে বরেণ্য শিক্ষাবিদ অঞ্জুলিকা খীসা বলেন- “আমি আশাবাদি হয়েছি, এই আয়োজন দেখে। আমার মনে হয়, এখনো সবকিছু নষ্টদের দখলে যায়নি। এখনো শ্বাশত সুন্দর কিছু রয়ে গেছে, যা আগামীর পথচলায় আমাদের সবাইকে অনুপ্রাণিত করবে।”
মং চিং চৌধুরী বলেন, “আমাদের বড় ভাইরা ১৯ বছর আগে যে স্বপ্ন বুনেছিলেন, সেটাকে টেনে নিতে পারাটাও আমাদের জন্য গর্বের। এই আয়োজনটি একুশের সকালে রাঙামাটির ইতিহাস ও ঐতিহ্যের অংশ হয়ে গেছে। এই শহরের শিশুরা জানেই, একুশের ভোরে এই কর্মসূচিটি পালিত হবেই।’
এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করে অতিথিরা স্বপ্নের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এইসব উদ্যোগই শিশুদের মানবিক বোধ ও মননকে শক্তিশালি করবে বলে আশাবাদ জানান।
