পথচারীকে ধাক্কার পর নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ বাইক আরোহীর
আহত পথচারীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন এক পথচারী।
রোববার দুপুরে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে মুক্তাগাছা শহরের নতুন বাজার খেলার মাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে মুক্তাগাছা থানার ওসি মো. কামাল হোসেন জানান।
নিহতরা হলেন- উপজেলার আমোদপুর গ্রামের ব্যবসায়ী লিটন খানের ছেলে এসএসসি পরীক্ষার্থী অনন্ত হোসাইন খান (১৭) ও শহরের ঢলুয়াবিল এলাকার জান্নাত বাজাজ শো রুমের মোটরসাইকেলের মেকানিক রাসেল হোসেন (৩০)।
আহত পথচারীর জসিম উদ্দিন (২৮)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি কামাল বলেন, শনিবার দুপুরে অনন্ত বাইক মেকানিক রাসেল হোসেনকে পেছনে উঠিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে মুক্তাগাছা শহর থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন।
“হঠাৎ নতুন বাজার খেলার মাঠের কাছে দৌড়ে রাস্তা পার হতে থাকা পথচারী জসিম উদ্দিনকে দ্রুতগতির মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে পথচারী পাশে পড়ে যান। আর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।”
তিনি আরও বলেন, এতে মোটরসাইকেল চালক অনন্ত খানের মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। অপর আরোহী রাসেলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত পথচারী জসিম ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
