ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে তরুণের মৃত্যু
পুলিশ জানায়, নিখিল তার ভাইকে নিয়ে নিজেদের সবজি ক্ষেতে কাজ করছিলেন।
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় সবজি ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।
রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার রহিমানপুর ইউনিয়নের মোলানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি ফিরোজ ওয়াহিদ জানান।
নিহত নিখিল বর্মন (২২) রহিমানপুর ইউনিয়নের মোলানীপাড়া গ্রামের অলন বর্মনের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি ফিরোজ বলেন, দুপুরে দিকে উপজেলার বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের সময় অনল বর্মনের দুই ছেলে নিখিল বর্মন ও অকুল বর্মন নিজেদের করলা ক্ষেতে কাজ করছিলেন।
“এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে নিখিলের মৃত্যু হয় এবং সঙ্গে থাকা তার ভাই অকুল দৌড়ে বাড়িতে এসে সবাইকে জানান। এরপর পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ।”
ওসি বলেন, খবর পাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তথ্য সংগ্রহ করা হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
