২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ২ মৎস্য ব্যবসায়ীকে অস্ত্রের মুখে অপহরণের অভিযোগ

প্রত্যক্ষদর্শী স্থানীয় এক ব্যক্তি তার মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করেন। খবর পেয়ে পুলিশ সেখান যায়।

টেকনাফে ২ মৎস্য ব্যবসায়ীকে অস্ত্রের মুখে অপহরণের অভিযোগ
ভিডিও থেকে নেওয়া ছবি।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2024, 06:29 PM

Updated : 26 Aug 2026, 10:59 AM

কক্সবাজারের টেকনাফ সদরে অটোরিকশা থেকে দুই মৎস্য ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে একদল অস্ত্রধারীর বিরুদ্ধে। খবর পেয়ে তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ।

সোমবার বেলা ১১টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের লেঙ্গুরবিল মাঠপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান, টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

তাৎক্ষণিকভাবে অপহৃতদের নাম-পরিচয় না জানাতে পারলেও তারা স্থানীয় মৎস্য ব্যবসায়ী বলে তথ্য দেন তিনি।

এ সময় কিছুটা দূরে থেকে ঘটনা প্রত্যক্ষ করছিলেন টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার এক বাসিন্দা।   

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, অস্ত্রের মুখে দুইজনকে তুলে নিয়ে যেতে তিনি দেখেছেন। 

তখন তিনি কৌশলে নিজের ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে ঘটনার ভিডিও ধারণ করেছেন। পরে বিষয়টি তিনি পুলিশকে জানান।

প্রত্যক্ষদর্শী এ ব্যক্তির দাবি, ঘটনায় জড়িতরা স্থানীয় বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শীর ভিডিও ও স্থানীয়দের বরাতে ওসি গিয়াস উদ্দিন বলেন, সকালে টেকনাফ উপজেলা সদর থেকে সিএনজি চালিত অটোরিকশাযোগে সোনারপাড়া-টেকনাফ এলজিডি সড়ক হয়ে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর যাচ্ছিলেন দুই মৎস্য ব্যবসায়ী। এসময় গাড়িতে তাদের সঙ্গে আরও এক যাত্রী ছিলেন। টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল মাঠপাড়ায় পৌঁছলে ৫-৬ জন গাড়িটি থামায়।  

ওই ভিডিওতে দেখা যায়, অস্ত্রের মুখে গাড়িতে থাকা দুইজনকে জিম্মি করে টেনে-হিঁচড়ে তুলে নিয়ে যায়। এ সময় গাড়িতে থাকা অন্য যাত্রীকে কিছু দূর নিয়ে ছেড়ে দেওয়া হয়। 

তবে কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে পুলিশ তা নিশ্চিত নয় বলে জানান, ওসি গিয়াস উদ্দিন। 

তিনি বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এতে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং অপহৃতদের উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।