ফেনীতে চাঁদাবাজি-প্রতারণার অভিযোগে ‘বহিষ্কৃত’ সহসমন্বয়ক গ্রেপ্তার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর নাম ব্যবহার করে বরখাস্ত হওয়া এক মাদরাসার অধ্যক্ষের কাছে চাঁদা দাবির অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে।
ফেনীতে চাঁদাবাজি, প্রতারণা ও মানহানির অভিযোগে করা এক মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ‘বহিষ্কৃত’ এক সহসমন্বয়ককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে ফেনী মডেল থানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা।
গ্রেপ্তার ওমর ফারুক শুভ সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের জগতজীবনপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে।
এর আগে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী ফেনীর বাসিন্দা আজিজুর রহমান রিজভীর পক্ষে তার বাবা ছিদ্দিকুর রহমান বাদী হয়ে চাঁদাবাজি, প্রতারণা ও মানহানির অভিযোগে ওমর ফারুকের বিরুদ্ধে মামলা করেন।
পরে কৌশলে আসামি শুভকে থানায় এলাকায় ডেকে নিয়ে গ্রেপ্তার করে পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেনীর সমন্বয়ক মো. আবদুল আজিজ বলেন, “জুলাই আন্দোলনের সময় ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে সহসমন্বয়কের দায়িত্বে ছিলেন ওমর ফারুক শুভ। সেই সময় শুভ নিজেকে ফেনী সরকারি কলেজ ও আলিয়া কামিল মাদরাসার শিক্ষার্থী পরিচয় দিতেন।
“পরে আন্দোলনে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৭ অগাস্ট তাকে সহসমন্বয়ক পদ থেকে বহিষ্কার করা হয়। তারপরও বিগত কয়েক মাস ধরে জেলার অন্য সমন্বয়ক ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে বিভিন্ন কর্মসূচি ও সভা-সমাবেশে অংশ নেন শুভ।”
পুলিশ জানায়, সরকার পরিবর্তনের পর নানা অভিযোগে ফেনী আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানকে সাময়িক বরখাস্ত হয়। সম্প্রতি তাকে স্বপদে বহাল রাখার আশ্বাস দিয়ে চাঁদা দাবি করেন শুভ। চাঁদা দাবির ১৫ মিনিট ১২ সেকেন্ডের একটি কল রেকর্ড মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায়।
ভাইরাল ওই কল রেকর্ডে শোনা যায়, “শুভ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবদুল কাদের ও হামজা মাহবুবের কথা বলে অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। যেখানে মধ্যস্থতাকারী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী আজিজুর রহমান রিজভীর নাম উল্লেখ করেন তিনি।”
ওই কথোপকথনে শুভ অধ্যক্ষ মাহমুদুল হাসানকে বলছেন, “প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে হোয়াটসঅ্যাপে তার কথা হয়। এ ছাড়া উপদেষ্টাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হওয়াসহ নিজে সেন্ট্রালে (কেন্দ্রীয়) লিড দেন বলে দাবি করেন।
“কথোপকথনে তিনি সেন্ট্রাল সমন্বয়কদের জামায়াত সমর্থিত উল্লেখ করে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বিএনপি করে বলে জানান এবং নাহিদের বাবা বিএনপি নেতা মির্জা আব্বাসের সঙ্গে ২৪ নম্বর ওয়ার্ডে যুবদল করে বলে উল্লেখ করেন। পাশাপাশি নাহিদের পিএসের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলেও জানান।”
ওই কথোপকথনের অডিও ফাঁসের পর থেকে জেলাজুড়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।
তবে গ্রেপ্তারের আগে ভাইরাল হওয়া অডিও সুপার এডিট করা হয়েছে দাবি করে শুভ বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্য সুপার এডিট করা। এটি আমার কণ্ঠ না। আমার কাজের মাধ্যমে আমি ফেনীতে জনপ্রিয় হয়ে গেছি।
“সেজন্য আমাকে হেয়প্রতিপন্ন করতে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কিছু লোক ষড়যন্ত্র করছে। চাঁদাবাজির এই ধরনের ঘটনার সঙ্গে আমার সম্পৃক্ততা নেই।”
ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, গ্রেপ্তার শুভকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
