যশোরে দুই কোটি টাকার সোনার বার উদ্ধার, ২ যুবক আটক
বিজিবির ভাষ্য, উদ্ধার করা সোনা ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিল দুই যুবক।
যশোরের বেনাপোল সীমান্ত থেকে প্রায় দুই কোটি টাকার সোনার বারসহ দুই যুবককে আটক করা হয়েছে; যাদেরকে পাচারকারী বলছে বিজিবি।
সোমবার উপজেলার দৌলতপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয় বলে খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান।
বিজিবির ভাষ্য, উদ্ধার করা সোনা ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিল তারা।
আটকরা হলেন- বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের রবিউল ইসলামের ছেলে মিলন হোসেন (৩৬) ও বোয়ালিয়া গ্রামের মিকাইল ইসলামের ছেলে শাহজামাল (২৫)।
লেফটেন্যান্ট কর্নেল তানভীর বলেন, ভারতে সোনা পাচারের গোপন খবর পেয়ে বিকালে দৌলতপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থান নেয় বিজিবির টহলদল। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে থামতে বললে তারা পালানোর চেষ্টা করেন। তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়।
পরে দুজনকে অগ্রভূলোট ক্যাম্পে নিয়ে তল্লাশি করে একজনের জুতার ভেতর এবং অপরজনের পায়ের অ্যাংলেট থেকে মোট ১৮টি সোনার বার উদ্ধার করা হয় বলে তিনি জানান।
উদ্ধার করা সোনার ওজন ২ কেজি ১০০ গ্রাম; যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৮০ লাখ টাকা বলে জানায় বিজিবি।
আটকদের শার্শা থানায় হস্তান্তরের কথা জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল তানভীর আরও বলেন, উদ্ধার করা সোনার বারগুলো যশোর কাস্টমসের ট্রেজারি শাখায় জমা করা হয়েছে।
