বেনাপোলে বন্দরে ৩৭ কর্মকর্তা-কর্মচারীর যোগদান
এর মধ্যে দুজন কর্মকর্তা ও ৩৫ জন কর্মচারী রয়েছে।
আমদানি-রপ্তানি বাণিজ্যে গতি ফেরাতে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে নতুন করে ৩৭ জন কর্মকর্তা-কর্মচারীকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ।
মঙ্গলবার থেকে তারা কর্মস্থলে যোগদান করেছেন বলে বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রেজাউল বলেন, “বেনাপোল বন্দরের অপারেশনাল কার্যক্রমসহ সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, বন্দরের স্টেক হোল্ডারদেরকে যথাসময়ে সেবা প্রদান করা ও বন্দরের কার্যক্রমে গতিশীলতা আনতে ৩৭ জন কর্মকর্তা ও কর্মচারীকে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে দুজন কর্মকর্তা ও ৩৫ জন কর্মচারী রয়েছে।
“এই ৩৭ জন কর্মকর্তা-কর্মচারীদের ওরিয়েন্টেশনসহ দুদিন ব্যাপী ইনহাউজ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পরে তাদের বন্দরের বিভিন্ন শেড, ইয়ার্ড, দপ্তর, শাখায় পোস্টিং দেওয়া হয়ে হয়েছে।”
বন্দর পরিচালক বলেন, “বন্দরে জনবল স্বল্পতা ছিল। পাশাপাশি বন্দরের বিরাজমান সমস্যা নিরসনে চাহিদা ও দাবির প্রেক্ষিতে এই নতুন নিয়োগ দেওয়া হয়েছে।”
