২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে স্বেচ্ছাশ্রমে চলছে দেড় কিলোমিটার রাস্তা তৈরির কাজ

“মজুরি ছাড়াই গ্রামের বাসিন্দারা কাজ করছেন। যারা শ্রম দিতে পারছেন না, তারা আর্থিক সহযোগিতা করছেন।”

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2024, 07:45 PM

Updated : 26 Aug 2026, 10:50 AM

কারও হাতে কোঁদাল; কারও মাথায় টুকরি। গ্রামের ছেলে-বুড়ো সবাই ব্যস্ত।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের সালদারবিল সংলগ্ন সড়াতৈল গ্রামে স্বেচ্ছাশ্রমে মাটির রাস্তা নির্মাণে ব্যস্ত তারা।

দেড় কিলোমিটার রাস্তাটি তৈরি হলে দীর্ঘ ৫৩ বছরের ভোগান্তির অবসান হবে বলে গ্রামবাসীরদের আশা। মাটি দিয়ে নির্মাণের পর রাস্তাটি স্থায়ীভাবে পাকা করার দাবিও তাদের।

সড়াতৈল গ্রামের ফারুক হোসেন বলেন, “একটি রাস্তার অভাবে স্বাধীনতার পর দীর্ঘ ৫৩ বছর ধরে এলাকার লোকজন ভোগান্তি পোহাচ্ছেন। স্থানীয়রা কয়েক দফায় জনপ্রতিনিধিদের কাছে দাবি করলেও কোনো লাভ হয়নি।”

এ অবস্থায় গ্রামবাসীরা মিলে পরিকল্পনা করে স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।  

দুই সপ্তাহ আগে থেকে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে জানিয়ে একই এলাকার আব্দুর রশিদ বলেন, “ইতোমধ্যে সড়কের কিছু অংশ দৃশ্যমান হয়েছে। কাজটি শেষ হতে আরও কিছুদিন সময় লাগবে।”

সরেজমিনে দেখা গেছে, সালদারবিল সংলগ্ন বিস্তীর্ণ ফসলের মাঠ। আশপাশে যাতায়াতের কোনো রাস্তা নেই।

চলাচলে ‘দুর্ভোগ কমাতে’ সড়াতৈল গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে দেড় কিলোমিটার রাস্তা তৈরির কাজ শুরু করেছেন।

ইতোমধ্যে আধা কিলোমিটার রাস্তা নির্মাণ শেষ হয়েছে বলে কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে।  

তারা বলছে, একটি রাস্তার অভাবে এ অঞ্চলের মানুষের পাঁচিল-এনায়েতপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কসহ শাহজাদপুর যেতে অনেকটা পথ ঘুরতে হয়।

বর্ষায় শিক্ষার্থীদের স্কুল-কলেজে যেতে ভরসা নৌকা। এছাড়া মাঠ থেকে ফসল ঘরে নিয়ে আসতে ভোগান্তি পোহাতে হয় কৃষকদের। ফলে রাস্তা হলে উপকার পাবেন সবাই।

“কোনো রকম মজুরি ছাড়াই গ্রামের বাসিন্দারা কাজ করছেন। যারা শ্রম দিতে পারছেন না, তারা আর্থিক সহযোগিতা করছেন” বলছিলেন, রাস্তা নির্মাণের অন্যতম উদ্যোক্তা সমাজসেবক নজরুল ইসলাম।

তিনি বলেন, “অনেকে রাস্তার জন্য জমি দান করেছেন। আশপাশের ক্ষেতের মাটি কেটে কাঁচা রাস্তাটি তৈরি করা হচ্ছে।

“রাস্তা নির্মাণের পর দুই পাশে গাছের চারা লাগানোর পরিকল্পনা রয়েছে। স্থানীয় সরকার বিভাগ বা অন্য কোনো মাধ্যমে অর্থের ব্যবস্থা হলে রাস্তাটি পাকা করা সম্ভব হবে।”