২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে আইনজীবী নেতাকে জিম্মি করে টাকা দাবির অভিযোগ

ওসি বলেন, ঘটনার তদন্ত চলছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2024, 12:44 AM

Updated : 26 Aug 2026, 10:21 AM

বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদককে অপহরণের পর একটি বাসায় নিয়ে জিম্মি করে টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে। 

ভুক্তভোগী আইনজীবী নেতা খান মোহাম্মদ মোর্শেদ অভিযোগ করে বলেন, মঙ্গলবার দুপুরে নগরীর অক্সফোর্ড মিশন রোড থেকে তাকে অপহরণ করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন।  

বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, “ঘটনার তদন্ত চলছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।”

খান মোহাম্মদ মোর্শেদ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী হিসেবে চলতি বছরের ফেব্রুয়ারিতে বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। 

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, “বেলা ৩টার দিকে আদালতের কাজ শেষে মোটরসাইকেলে বাসায় যাচ্ছিলাম। অক্সফোর্ড মিশন রোড মসজিদের সামনে অজ্ঞাত সাত থেকে আটজন গতি রোধে করে। পরে তারা আমাকে ভয়ভীতি দেখিয়ে চারটি মোটরসাইকেলে পাহারা দিয়ে মুসলিম গোরস্থানের বিপরীতে সুরাইয়া ভিলার দ্বিতীয় তলার পূর্ব পাশের ফ্ল্যাটে নিয়ে যায়।

“নির্জন ফ্ল্যাটের একটি অন্ধকার কক্ষে নিয়ে বেধড়ক মারধর করে। তারপর অপহরণকারীরা বিবস্ত্র করে এক নারীকে পাশে দাঁড় করিয়ে মোবাইলে ছবি ও ভিডিও করে। সেই ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ২০ লাখ চাঁদা দাবি করে।”  

আইনজীবী বলেন, “অপহরণকারীরা পরে আমার মোবাইল ফোন নিয়ে বিকাশের পিন নম্বর ও বেসিক ব্যাংকের এটিএম কার্ডসহ পিন নম্বর নিয়ে নেয়।”

একপর্যায়ে তাদেরকে চেকের মাধ্যমে টাকা পরিশোধ করার প্রলোভন দিয়ে আইনজীবী সমিতিতে ফিরে আসেন এবং পুলিশকে ঘটনাটি অবহিত করেন বলে জানান খান মোহাম্মদ মোর্শেদ। 

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসাটি তালাবদ্ধ পেয়েছে। তারা জানতে পেরেছেন, আসিফুজ্জামান পলিন নামে এক ব্যক্তি ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া। 

এদিকে আসিফুজ্জামান পলিনের ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া গেছে।