বর্ষবরণে প্রস্তুত বরিশাল
মঙ্গল শোভাযাত্রার পর বীর মুক্তিযোদ্ধা ও গুণীজন সম্মাননা, লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।
রাত পোহালেই বাংলা সনের প্রথম মাস বৈশাখ। নতুন বছরকে বরণ করতে সারাদেশের ন্যায় প্রস্তুত বরিশালবাসীও।
নানা আয়োজনে বছরের প্রথম দিনটিকে বরণ করতে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন, উদীচী ও চারুকলা। নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে বরিশাল মহানগর পুলিশ।
দিনের শুরুতে রয়েছে প্রভাতী অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রা। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা ও গুণীজন সম্মাননা, চিত্রাংকন প্রতিযোগিতা, লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।
চারুকলা বরিশালের সংগঠক সুশান্ত ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নতুন বছরকে বরণ করে নিতে চারুকলার আয়োজনে সকালে মঙ্গল শোভাযাত্রা করা হবে। নগরীর বি এম স্কুল মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হবে। সেখানে বীর মুক্তিযোদ্ধা ও গুণীজনদের সংবর্ধনা দেওয়া হবে।
পরে অশ্বিনী কুমার হলে শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা এবং বিকালে নগরীর সদর রোড সিটি কলেজ মাঠে হবে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ অনুষ্ঠানে নতুন প্রজন্মকে মুড়ি ভাজার দৃশ্য ও মুড়ি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন, মঙ্গল শোভাযাত্রায় কবুতর, ঘোড়া, টেপা হাতি, পালকি, ময়ূরপঙ্খী, রাজপাখা, সূর্যমুখী ফুলসহ বিভিন্ন মুখোশ থাকবে। শোভাযাত্রায় প্লাস্টিক বা পলিথিনের কোনো ব্যবহার করা হয়নি। শোভাযাত্রার ব্যানার তৈরি করা হয়েছে কাপড় দিয়ে। সব কিছুতে ইউনেস্কো স্বীকৃত রিকসা পেইন্ট ব্যবহার করা হয়েছে।
উদীচী বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্ষবরণের প্রস্তুতি চূড়ান্ত। সকাল সাড়ে ৬টায় হবে প্রভাতী অনুষ্ঠান। পরে চারুকলার আয়োজনে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেওয়া হবে।
শোভাযাত্রা শেষে সকাল ১০টায় বিএম স্কুল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাংকন প্রতিযোগিতার পাশাপাশি সেখানে তিন দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।
বরিশাল জেলা কালচারাল অফিসার মোহাম্মদ হাসানুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টায় বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা হবে। শোভাযাত্রায় বরিশাল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ডিআইজিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবে।
শোভাযাত্রা শেষে সার্কিট হাউজের মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এতিহ্যবাহী পুতুল নাচের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।
এ ছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা বের করাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নগরীতে নববর্ষের নানা আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করেছেন বরিশাল মহানগরের উপ-পুলিশ কমিশনার মো. আলী আশরাফ ভূঞা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নববর্ষের অনুষ্ঠান ঘিরে নগরীতে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকছে। প্রথমবারের মত ড্রোন ট্রাফিকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া প্রত্যেক অনুষ্ঠান স্থল সিসি ক্যামেরার আওতায় থাকবে; যা ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সার্বক্ষণিক নজরদারি মধ্যে থাকবে।
শুধু পহেলা বৈশাখ উদযাপনে নিরাপত্তা দিতে বিএম স্কুল মাঠসহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় সাব-কন্ট্রোল রুমের সঙ্গে সংযুক্ত সাময়িক ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে বলে জানান মহানগর উপ-পুলিশ কমিশনার।
