১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শাবির বিনামূল্যের স্বাস্থ্য ক্যাম্পে প্রথম দিনে সেবা নিলেন ৪৩০ শিক্ষার্থী

শুক্রবার নারী শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2025, 08:23 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

বিশেষজ্ঞ চিকিৎসকদের সহায়তায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলছে দুই দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্টুডেন্ট এইড সাস্ট’ এর উদ্যোগে নতুন সামাজিক বিজ্ঞান ভবনের গ্যালারি কক্ষে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পের প্রথম দিনে ৪৩০ ছেলে শিক্ষার্থী বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়েছেন বলে জানান সংগঠনটির সভাপতি শাকিল মাহমুদ।

শুক্রবার নারী শিক্ষার্থীদের একই জায়গা থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে বলে জানান তিনি।

প্রথম দিন ক্যাম্পে সিলেট এম এ জি. ওসমানী মেডিকেল কলেজ ও ইবনে সিনা হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ, চর্ম, যৌন ও অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ এবং ডায়াবেটিস ও বাত রোগের পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা দিয়েছেন।

শুক্রবার স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ সার্জন, ডেন্টাল সার্জন, চর্ম ও যৌন রোগের চারজন বিশেষজ্ঞ চিকিৎসক নারী শিক্ষার্থীদের সেবা দেবেন জানান আয়োজকরা। 

চিকিৎসা সেবা নেওয়া গণিত বিভাগের শিক্ষার্থী রিদওয়ান উল হক বলেন, “আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বড় ধরনের জটিলতা ছাড়া চিকিৎসক দেখানোর সুযোগ হয় না। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারেও পর্যাপ্ত সেবা নেই। এখান থেকে অনেক শিক্ষার্থী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ পাচ্ছেন। আশা করছি, এ ধরনের কার্যক্রম সামনের দিনগুলোতেও জারি থাকবে।”

আয়োজক সংগঠনের আহ্বায়ক দেলোয়ার হোসেন শিশির বলেন, “প্রতিষ্ঠার পর থেকেই আমাদের সংগঠনটি শিক্ষাবৃত্তি, আর্থিক সহযোগিতা, শীতবস্ত্র বিতরণ এবং শিক্ষার্থীদের কল্যাণে নানামুখী আয়োজন করে আসছে। এরই অংশ হিসেবে শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমরা এই ক্যাম্পের ব্যবস্থা করেছি।”, যেখান থেকে শিক্ষার্থীরা ফ্রিতে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা গ্রহণ করতে পারেন।”