Published : 13 Jun 2026, 06:15 PM
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় প্রতিবেশী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক রিকশাচালকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
শনিবার সকালে উপজেলার সদরে এ ঘটনা ঘটে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন।
মীর ফারুক (৪০) ঝিনাইদহ সদর উপজেলার বাসিন্দা এবং পেশায় রিকশাচালক। তিনি কালীগঞ্জে ভাড়া বাসায় বসবাস করেন।
পুলিশ জানায়, শুক্রবার রাতে একই বাসার একটি কক্ষে ঘুমিয়ে থাকা ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে কালীগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন বলেন, ফারুকের মেয়েও থানায় এসে বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন। তার অভিযোগ, বাবা তাকে ঘুমের ওষুধ খাওয়ায়ে অচেতন করে ধর্ষণ করতো। এ ঘটনায় তিনি মামলা করেছেন।
পুলিশ জানিয়েছে, দুটি অভিযোগের বিষয়ে পৃথকভাবে তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।