২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ ভিডিও প্রকাশ, যুবকের মরদেহ উদ্ধার

দক্ষিণ সুরমা উপজেলার রেললাইনের পাশ থেকে ছিন্নভিন্ন মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2025, 09:09 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

সিলেটে দক্ষিণ সুরমা উপজেলার রেললাইনের পাশ থেকে এক যুবকের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার সকালে উপজেলার পারাইরচক এলাকার রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে সিলেট রেলওয়ে থানার (জিআরপি) পরির্দশক প্রকাশ রায় জানান।  

নিহত মতিউর রহমান (২৬) জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের বাসিন্দা। তিনি সিলেটের এমসি কলেজে স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, কয়েকদিন আগে মতিউর ও তার ছেলেবন্ধুর কিছু ঘনিষ্ঠ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ায়। এরপর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। 

পরির্দশক প্রকাশ রায় বলেন, “ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। বিকালে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।” 

মতিউরের বড় ভাই রিয়াজুল হক চারজনকে আসামি আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে মামলা করেছেন বলেও জানান রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা।

রিয়াজুল হক সাংবাদিকদের বলেন, “মতিউর ছিল আমাদের সবচেয়ে ছোট, আদরের। পরীক্ষা চলছিল ওর। উপশহরে বোনের বাসা থেকে বের হয়ে আর ফেরেনি।”