Published : 07 Aug 2025, 10:14 PM
বগুড়ার শেরপুর উপজেলা থেকে সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। তবে ট্রাক চালক সারের বিপরীতে কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের দড়িমুকুন্দ এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয় বলে জানান শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান।
ট্রাকটিতে ৩৯৫ বস্তা ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার পাওয়া গেছে। তবে বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেননি সংশ্লিষ্টরা।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবিবা আক্তার এবং প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
জব্দ হওয়া ট্রাকটির মালিক টাঙ্গাইলের আমিনুর ইসলাম বলেন, “সান্তাহারের একটি পরিবহন সংস্থা ট্রাকটি লালমনিরহাটে সার পৌঁছে দেওয়ার জন্য ভাড়া নেয়। তবে সার তোলার সময় কোনো কাগজপত্র দেয়নি, বলেছিল চারমাথায় কাগজ দেওয়া হবে।”
চালক দীর্ঘসময় অপেক্ষা করেও কাগজ না পাওয়ায় সন্দেহ হলে ট্রাকটি শেরপুরে নিয়ে স্থানীয়দের সহায়তায় প্রশাসনকে খবর দেওয়া হয় বলে জানান তিনি।
ইউএনও আশিক খান বলেন, স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করা হয়েছে। সার পরিবহনের কোনো বৈধ কাগজপত্র ছিল না। তবে সারের প্রকৃত মালিককে পাওয়া যায়নি।
বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ইউএনও।