১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় ঘরে আগুন লেগে মা ও মেয়ের মৃত্যু

স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন ওই নারী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2026, 06:32 PM

Updated : 11 Sep 2026, 03:18 PM

বগুড়ার কাহালু উপজেলায় বসতঘরে আগুন লেগে মানসিক ভারসাম্যহীন এক নারী ও তার মেয়ের নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার শিকড় নারহট্ট গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাহালু থানার ওসি শফিকুল ইসলাম।

নিহতরা হলেন- ওই এলাকার নিজাম উদ্দীনের স্ত্রী সোনিয়া খাতুন (২৯) ও তার মেয়ে মেহা মনির (১০)।

স্বজনদের বরাতে ওসি শফিকুল ইসলাম বলেন, সোনিয়া মানসিকভাবে অসুস্থ ছিলেন। এ কারণে তার দুটি সংসার ভেঙে যায়। দীর্ঘদিন ধরে তিনি মেয়েকে বাবার বাড়িতে বসবাস করছিলেন।

তিনি বলেন, সকালে সোনিয়ার মা ও ভাইয়ের স্ত্রী বাড়ির উঠানে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় হঠাৎ করে সোনিয়ার ঘরে আগুন দেখতে পান তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই সোনিয়ার মৃত্যু হয়।

এ ছাড়া দগ্ধ অবস্থায় মেহা মনিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তারও মৃত্যু হয় বলে জানান ওসি শফিকুল।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘর থেকে কেরোসিনের গন্ধ পেয়েছেন। এটি আত্মহত্যাজনিত ঘটনা হতে পারে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।