২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে পিকআপের চালক-হেলপার নিহত

সুতরাং বাজার থেকে মাছ নিয়ে শ্রীমঙ্গল হয়ে জুড়ী যাচ্ছিল পিকআপটি।

হবিগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে পিকআপের চালক-হেলপার নিহত
সিমেন্টের ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2024, 12:43 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

হবিগঞ্জের বাহুবল উপজেলায় সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে মাছ বোঝাই পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন। 

মঙ্গলবার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তগলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল কবির। 

নিহতরা হলেন, চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারী গ্রামের বাহার মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৬) ও শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং পূর্ব নোয়াগাও গ্রামের ছোয়াব আলীর ছেলে রিপন মিয়া (২৪)। হৃদয় পিকআপটির চালক ও রিপন তার সহকারী ছিলেন। 

ওসি বদরুল কবির জানান, সকালে সুতাং বাজার থেকে মাছ নিয়ে শ্রীমঙ্গল হয়ে জুড়ী যাচ্ছিল পিকআপটি। পথে বাহুবল বাজারে কিছু মাছ দিয়ে পিকআপটি মহাসড়কের তগলী এলাকায় পৌঁছালে সিলেটগামী ফ্রেস সিমেন্টের ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

“এতে পিকআপটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার মারা যান।”

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলেও জানান ওসি।