সংঘর্ষে রণক্ষেত্র কক্সবাজার, যুবক নিহত, বিএনপির কার্যালয়ে আগুন
আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
দিনভর শান্ত থাকলেও সন্ধ্যায় রণক্ষেত্রে পরিণত হয়েছে কক্সবাজার শহর। এতে এক যুবক নিহত হয়েছেন।
রোববার সন্ধ্যা ৭টায় শহরের শহীদ স্মরণী সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়।
এতে আন্দোলনকারী যুবক নিহত হয়। এ সময় ১০ জন আহত হয়েছে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আশিকুর রহমান চৌধুরী একজনের মৃত্যুর তথ্য জানিয়ে বলেন, নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। যুবকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সংঘর্ষ চলাকালে শহীদ স্মরণী সড়কে জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। রাত সাড়ে ৮টা পর্যন্ত সেখানে আগুন জ্বলতে দেখা গেছে।
এ ছাড়া শহরের বিভিন্ন এলাকায় যানবাহন ও দোকানপাট ভাঙচুর করা হয়েছে।
