সড়কের পাশে পড়ে ছিল অটোরিকশা চালকের লাশ
“জমি নিয়ে বিরোধের জেরই আমার ছেলেকে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের নাটক সাজিয়েছে।”
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মহাসড়কের পাশ থেকে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে কাঠেরপুল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে বাকেরগঞ্জ থানার ওসি খন্দকার কেএম সোহেল রানা জানিয়েছেন।
নিহত ১৮ বছর বয়সী শাকিল হাওলাদার পটুয়াখালী জেলার দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরবয়রা গ্রামের জসিম হাওলাদারের ছেলে।
তার লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শাকিলের চাচা মুসা হাওলাদার বলেন, “বুধবার বিকালে শাকিল অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোবাইল ফোনে শাকিলের সঙ্গে তার মায়ের কথা হয়।
“এরপর শাকিল রাতে না ফেরায় তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করেও হদিস না পেয়ে দুমকি থানায় জানানো হয়। সকালে বাকেরগঞ্জে এসে লাশটি শাকিলের বলে শনাক্ত করা হয়।”
শাকিলের বাবা জসিম হাওলাদার বলেন, তার চাচাতো ভাইদের সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে। বিরোধের জের ধরে তার বৃদ্ধ মাও কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা।
“আমার ধারণা, জমি নিয়ে বিরোধের জের ধরেই তার একমাত্র ছেলে শাকিলকে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের নাটক সাজিয়েছে। কেউ অটোরিকশা ছিনতাই করলে দুই হাত ও এক পা ভেঙে দিয়ে হত্যা করতো না।”
ওসি খন্দকার কেএম সোহেল রানা বলেন, “শাকিলের দুই হাত ও এক পা ভাঙা এবং তার মুখে আঘাতের চিহ্ন রয়েছে। অটোরিকশাটি মরদেহের পাশে ছিল না।
“অটোরিকশা ছিনতাই না-কি, জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে তা তদন্ত না করে বলতে পারবো না।”
এ ঘটনায় শাকিলের পরিবার হত্যা মামলা করবে। তাদের অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
