২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার সৈকতে গোসলে নেমে কিশোর নিখোঁজ

সকালে ঈদের নামাজ শেষে ৭ বন্ধু মিলে সমুদ্র সৈকতে বেড়াতে আসে।

কক্সবাজার সৈকতে গোসলে নেমে কিশোর নিখোঁজ
কক্সবাজার সমুদ্র সৈকত।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2024, 04:58 PM

Updated : 26 Aug 2026, 09:48 AM

ঈদে বেড়াতে এসে কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে এক কিশোর নিখোঁজ হয়েছে।

সোমবার দুপুর ১টার দিকে সৈকতের কলাতলী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে বলে জানান জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

নিখোঁজ মোহাম্মদ তারেক (১৪) কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের শাহ ফকির বাজার এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

পরিবারের বরাতে মাসুদ রানা বলেন, সকালে ঈদের নামাজ শেষে ৭ বন্ধু মিলে সমুদ্র সৈকতে বেড়াতে আসে। তারা সৈকতে এসে ঘোরাঘুরির এক পর্যায়ে সাগরে গোসলে নামে। 

“এ সময় ভাটার টানে স্রোতে এক কিশোর ভেসে যায়। তখন অন্য বন্ধুদের চিৎকারে ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়।”

কিশোরকে উদ্ধারে সৈকতে দায়িত্বরত কর্মীরা কাজ করছে বলে জানান পর্যটন সেলের কর্মকর্তা।