২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ওয়ার্কশপে বিদ্যুতের তারে জড়িয়ে কিশোরের মৃত্যু

সকালে কাজ করার সময় হোসাইন অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে বলে জানায় পুলিশ।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2026, 09:42 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

মাদারীপুরের শিবচর উপজেলায় একটি ওয়ার্কশপে বৈদ্যুতিক তারে জড়িয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। 

শুক্রবার সকালে উপজেলার কলেজ মোড় এলাকায় ওয়ার্কশপে কাজ করার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুরুল মোর্শেদ।

নিহত মো. হোসাইন (১৬) উপজেলার দ্বিতীয়াখন্ড ইউনিয়নের নিয়ামতকান্দি গ্রামের মো. জাকির হোসেন ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়ার্কশপের দোকানে কাজ করত হোসাইন। সকালে কাজ করার সময় অসাবধানবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে আহত হয় সে। দ্রুত তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহসিন রেজা বলেন, হাসপাতালে আনার আগেই ছেলেটির মৃত্যু হয়। বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

পরিদর্শক মঞ্জুরুল মোর্শেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে এ বিষয়ে নিহতের স্বজনরা কোনো অভিযোগ করেননি।