১৯ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩

আওয়ামী লীগের নিরপরাধ সমর্থকদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

“এবার তো নৌকা নাই, নৌকা পালাইছে, হাসিনা ভারতবর্ষে চলে গেছে। মাঝখানে তার যে সমর্থনকারী রয়েছে, তাদেরকে বিপদে ফেলে গেছে।”

আওয়ামী লীগের নিরপরাধ সমর্থকদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল
ঠাকুরগাঁওয়ের মোলানি বাজারে পথসভায় বক্তব্য দেন ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2026, 05:13 PM

Updated : 26 Aug 2026, 02:48 PM

আওয়ামী লীগের নিরপরাধ সমর্থকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষ প্রতীকের এ প্রার্থী বলেন, “এবার তো নৌকা নাই, নৌকা পালাইছে, হাসিনা ভারতবর্ষে চলে গেছে। মাঝখানে তার যে সমর্থনকারী রয়েছে, তাদেরকে বিপদে ফেলে গেছে। আমরা সেই বিপদে তাদের পাশে দাঁড়িয়েছি।”

বুধবার বিকালে নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁওয়ের মোলানি বাজারে পথসভায় বিএনপির মহাসচিব বলেন, “আমরা হিন্দু ভাই-বোনদের পরিষ্কারভাবে বলছি, আপনারা কোনো চিন্তা করবেন না, আমরা আছি আপনাদের পাশে। 

“যারা অন্যায় করছে, শুধু তাদেরই শাস্তি হবে। আর যারা অন্যায় করেনি, সাধারণ মানুষ, তাদেরকে আমরা বুকের মধ্যে রেখে দেব, আগলে রাখব।”

মির্জা ফখরুল বলেন, “মাত্র ১৫ দিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আপনাদের মনে আছে, এর আগে আমরা এমপি নির্বাচন করছি, ১৫ বছর আগে, মাঝখানে আমরা কোনো ভোট দিতে পারি নাই। সব ভোট ফ্যাসিস্ট নিয়ে গেছে, তাদের লোকজন ও প্রশাসনের মাধ্যমে।

“এবার সঠিক একটা ভোট হবে বলে আমরা আশা করছি। অর্থাৎ যার ভোট সে দিতে পারবে, যাকে খুশি তাকে দিতে পারবেন।”

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুল বলেন, “এখন মানুষ আরামে থাকলেও পুরোপুরি নেই, কারণ জিনিসপত্রের দাম বাড়ছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে এখন ভালো, এটা আমার কাছে মনে হয়েছে। 

“সবমিলিয়ে এখন একটা সময় এসেছে, যে রাতে আমরা শান্তিতে ঘুমাতে পারছি। আগামী ১২ ফেব্রুয়ারি যদি ভোট সঠিকভাবে হয়, জনগণ যদি তাদের সরকার নিয়ে আসতে পারে, তাহলে আমরা ভালো থাকব বলে আমি আশা করি।”

আগামীতে সরকার গঠন করতে পারলে দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য বিএনপি কাজ করবে বলে জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, “এটাই আমার শেষ নির্বাচন, আপনারা আমাকে সমর্থন করে ধানের শীষে ভোট দেবেন, তাহলে আপনাদের কল্যাণে কাজ করার সুযোগ পাব।”

বক্তব্য শেষে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শীর্ষে ভোট চান বিএনপি প্রার্থী মির্জা ফখরুল। 

এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপি, উপজেলা ও ইউনিয়ন বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।