২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডাকাতের’ ধাওয়ার পর সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার, পরে মৃত্যু ব্যবসায়ীর

“ঘটনার সময় মহসিন পালিয়ে যেতে চাইলে ডাকাতদল তাকে ধাওয়া করে।”

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2025, 03:34 PM

Updated : 26 Aug 2026, 11:44 AM

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় এক ব্যক্তিকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে মৃত্যু হয়েছে; যিনি ডাকাতদের হামলার শিকার হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।        

সোমবার ভোরে উপজেলার দেউন্দি ক্রস রোডের রাফি স-মিলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে বলে শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ জানান।

মৃত মহসিন মিয়া উপজেলার নিশাপট গ্রামের আবাদুর রহিম মাস্টারের ছেলে। তিনি শায়েস্তাগঞ্জ স্টেশন রোডের গ্রামীণ টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স নামের একটি দোকান চালাতেন।

স্থানীয়দের বরাতে ওসি দিলীপ বলেন, “মহসিন দোকান বন্ধ করে শায়েস্তাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইলিয়াস মিয়াকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়িতে যাচ্ছিলেন। পথে রাফি স-মিলের কাছে ডাকাতরা গাছ ফেলে ডাকাতি করছে বলে খবর পান। এ সময় তারা এগিয়ে গেলে ডাকাতদল তাদের আটকে মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়।

“ঘটনার সময় মহসিন পালিয়ে যেতে চাইলে ডাকাতদল তাকে ধাওয়া করে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা ঘটনাস্থলে গেলে ডাকাতদল পালিয়ে যায়। পরে মহসিনকে ঘটনাস্থলের পাশের একটি মাঠের কাছে জ্ঞানহীন অবস্থা পাওয়া যায়।”

তাৎক্ষণিকভাবে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

মহসিনের মৃত্যু কিভাবে হয়েছে জানতে চাইলে ওসি দিলীপ বলেন, “সুরতহাল প্রতিবেদনে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে লেখা হয়েছে। তিনি হার্ট অ্যাটাককে মারা গেছেন বলে চিকিৎসক জানিয়েছেন।”

তারপরও পুরো ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, “ডাকাতদের গ্রেপ্তার করতে পুলিশের সাড়াশি অভিযান চলছে। এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”

এ ঘটনায় মহসিনের সঙ্গে থাকা বিএনপি নেতা ইলিয়াস মিয়ার বক্তব্য জানতে তার মোবাইলে ফোন করা হলে বন্ধ পাওয়া যায়।