ওসমান হাদিকে গুলি: রাজবাড়ীতে মশাল মিছিল
এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মশাল মিছিল করেছেন।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলির ঘটনার প্রতিবাদে রাজবাড়ীতে এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মশাল মিছিল করেছেন।
শুক্রবার রাতে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে থেকে মশাল মিছিলটি বের হয়ে প্রধান সড়ক, রেলগেইট, পান্না চত্বর হয়ে শহীদ স্মৃতি চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক মীর মাহমুদ সুজন বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ওসমান হাদিকে গুলির ঘটনায় দোষীদের আইনের আওতায় না আনা হলে কঠোর আন্দোলন করা হবে।
এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন বলেন, দ্রুত হামলাকারীরা গ্রেপ্তার না হলে অবরোধ, হরতালসহ সব ধরনের কর্মসূচি দেওয়া হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্যসচিব রাসেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম, খলিল, মো. সাইদুর জামান সাকিব, এনসিপির জেলার যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহ খান পলাশ, সদর উপজেলার যুগ্ম সমন্বয়কারী আব্দুস সাত্তার মীজি, ছাত্র অধিকারের জেলার সাধারণ সম্পাদক মো. হৃদয়, যুব অধিকারের জেলার সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রিপন।
