বালু লুট, সালিশের নামে অন্যায় করতে দেওয়া হবে না: কৃষক দলের বাবুল
“আমি এইখানে বানরের নাচ খেলাইতে আসি নাই। আমি এখানে জোর করে আসি নাই, দলের সিদ্ধান্তে এসেছি।”
শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ফরিদপুর সদরপুর উপজেলার বাসিন্দাদের পাশে থাকার অঙ্গীকার করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
তিনি বলেন- “আমি আপনাদের সঙ্গে কমিটমেন্ট করলাম আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি আপনাদের পাশে থাকব। বালু লুট, সালিশের নামে টাকা হরিলুট, অন্যায়-অত্যাচার-জুলুম করতে দেওয়া হবে না।”
শনিবার বিকালে ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা মাঠে জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজনে ‘কৃষক সমাবেশে’ এসব কথা বলেন তিনি।
সদরপুরের সঙ্গে তার ‘হৃদয়ের সম্পর্ক’ দাবি করে বাবুল বলেন, “সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পাশেই আমার বাড়ি। আমি রাজনীতি করি আটত্রিশ বছর ধরে। অনেক চড়াই উৎরাই করে একটা গেরস্ত মধ্যবিত্ত পরিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে ছাত্রদল করে করে জীবনের ঝুঁকি নিয়ে আজ এ পর্যন্ত এসেছি।”
তিনি বলেন, “১৩৮টি মামলা, রক্ত ঝরাইছি বার বার, কারাগারে গেছি বহুবার। আমি এইখানে বানরের নাচ খেলাইতে আসি নাই। আমি এখানে জোর করে আসি নাই, দলের সিদ্ধান্তে এসেছি।”
সদরপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. ফজলুর রহমান বাবুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।
তিনি বলেন, “দলের সিদ্ধান্তে আমি (ফরিদপুর-৪ আসনে) আপনাদের হাতে শহিদুল ইসলাম বাবুলকে তুলে দিলাম। তিনি আপনার এলাকায় কাজ করবেন।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন সেলিম, সদরপুর উপজেলা বিএনপির সভাপতি কাজী বদরুজ্জামান বদু, সদরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (কমিটি স্থগিত) তরিকুল ইসলাম কবির মোল্যা, সদরপুর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আসাদ মৃধা।
