২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বরিশালে মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ভোর রাতের কোনো সময় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুত গতির কোনো যানবাহনের নিচে চাপা পড়েছে তরুণ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2026, 01:45 PM

Updated : 26 Aug 2026, 03:40 PM

বাবুগঞ্জ উপজেলায় বরিশাল-ঢাকা মহাসড়কের পাশ থেকে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে রাকুদিয়া নতুন হাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে গেীরনদী মহাসড়ক থানার ওসি মো. মহসিন হোসেন জানিয়েছেন। 

নিহত মো. সাগর সরকার (২২) পটুয়াখালীর দুমকি উপজেলার চেচরাবন্দী এলাকার বাসিন্দা মিন্টু সরকারের ছেলে।

স্থানীয়দেও বরাতে ওসি মহসিন হোসেন বলেন, সকালে নতুন হাট এলাকায় মহাসড়কের পাশে রক্তাক্ত লাশ দেখে স্থানীয়রা তাদের অবহিত করেন। তারা গিয়ে লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

ওসি বলেন, ঘটনাস্থলে সড়কের পাশে রক্তের দাগ ও ছিটকে পড়া কিছু গাছের ডালপালা দেখা গেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ভোর রাতের যে কোনো সময় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুত গতির কোন যানবাহনের নিচে চাপা পড়েছে তরুণ। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। 

তরব নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কোন যানবাহনের সাথে ও কিভাবে ঘটনাটি ঘটেছে। বিষয়টি তদন্ত করে বলতে পারবো।

ওই তরুণ পটুয়াখালীর দুমকি থেকে এখানে কিভাবে এলো তা জানতে চাইলে ওসি কোনো তথ্য দিতে পারেননি। তবে নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে, তাদের সাথে কথা বলে বিস্তারিত জানাতে পারবেন বলে জানিয়েছেন তিনি।

এ ঘটনায় মামলা হবে বলেও জানিয়েছেন ওসি।