চৈত্র সংক্রান্তিতে জাবিতে ভেলা বাইচ
বিজয়ীদের যথাক্রমে রাজহাঁস, মুরগি ও এক জোড়া কবুতর পুরস্কার দেওয়া হয়।
বাংলা নববর্ষকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ভেলা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
‘চৈত্র সংক্রান্তি ১৪৩২’ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ-জাকসু এই আয়োজন করে।
সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের রং পুকুরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলার গ্রামীণ ঐতিহ্য তুলে ধরা এবং তরুণদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেই এই আয়োজন করা হয় বলে জানিয়েছে আয়োজকরা।
প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. কামরুল আহসান।
এতে ছেলেদের ১১টি আবাসিক হল থেকে দুজন করে মোট ২২ শিক্ষার্থী অংশ নেন।
প্রতিযোগিতায় শহীদ সালাম-বরকত হল প্রথম, নবাব সলিমুল্লাহ হল দ্বিতীয় এবং কামাল উদ্দিন হল তৃতীয় স্থান অর্জন করে।
বিজয়ীদের যথাক্রমে রাজহাঁস, মুরগি ও এক জোড়া কবুতর পুরস্কার দেওয়া হয়।
আয়োজকরা বলেন, এটি শুধু প্রতিযোগিতা নয়, বরং বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি প্রয়াস।
উপাচার্য কামরুল আহসান বলেন, “পুরনো বছরকে বিদায় জানিয়ে আমরা নতুন বছরে পদার্পণ করছি। এ ধরনের আয়োজন আমাদের পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করে।”
এ সময় তিনি সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।
