ফেনীতে ছাত্রদলের অধিপত্যের সংঘর্ষে আহত ১২
“সুমন প্রবাস থেকে ফিরে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আঁতাত করে এলাকায় অবস্থান করছিলেন।”
ফেনীর সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার ছনুয়া ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় এ সংঘর্ষ হয় বলে জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন জানান।
আহতদের মধ্যে সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নজরুল ইসলাম, ছনুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্তার হোসেন শিমুল, ছনুয়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি শরীফ, কালিদহ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিবুল আলম সৌরভ, ছাত্রদল নেতা মেহেদী, নূর আলম, জাহিদ, সদর উপজেলা তাঁতী দল নেতা মোতালেব এবং অনলাইন পোর্টাল ফেনী সমাচারের প্রতিনিধি এম কাউছারসহ আরও কয়েকজন রয়েছেন।
তাদের মধ্যে কাউছার, সৌরভ, নজরুল, মেহেদী ও মোতালেবকে উন্নত চিকিৎসার জন্য ফেনী থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নজরুল ইসলামের সঙ্গে ছনুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আহসান সুমনের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল।
এর জেরে শনিবার বিকালে ছনুয়া ইউনিয়নের তালতলা এলাকায় ছাত্রদলের একটি বৈঠক শেষে ফেরার পথে নজরুলসহ নেতা-কর্মীদের ওপর হামলা করে সুমন। এ সময় তিনজনকে পিটিয়ে আহত করা হয়। এর জেরে রোববার দুপুরে সুমনের লোকজন ছনুয়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি শরীফকে ঘর থেকে তুলে নিয়ে যান। পরে সদর উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা তাকে উদ্ধার করতে গেলে ছনুয়া রাস্তার মাথায় সুমনের নেতৃত্বে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, সুমনের অনুসারী সোলিমুল হাসান, ছানাউল্ল্যাহ টিপু, মনির, ইমরান, মুজাহিদসহ কয়েকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন বলেন, “সুমন এক সময় ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও দীর্ঘদিন তিনি প্রবাসে ছিলেন। দেশে ফিরে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আঁতাত করে এলাকায় অবস্থান করছিলেন। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেছে। আমরা তাৎক্ষণিক একটি প্রতিবাদ মিছিল করেছি।”
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে দলীয় শীর্ষ নেতাদের অবহিত করা হয়েছে বলে জানান তিনি।
হামলার বিষয়ে জানতে ছনুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আহসান সুমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নজরুল ইসলাম ‘পূর্ব পরিকল্পিতভাবে’ তার ওপর হামলা করেছেন। এ হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন। চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছেন।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় রোববার সন্ধ্যা পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
