১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘আগে প্রধানমন্ত্রীর কার্যালয়েও ঘুষ দিতে হত, সেই দিন শেষ’

লালমনিরহাটে দুদকের গণশুনানিতে ৩৩টি সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ১০৬টি লিখিত অভিযোগ জমা পড়ে।

‘আগে প্রধানমন্ত্রীর কার্যালয়েও ঘুষ দিতে হত, সেই দিন শেষ’
লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে গণশুনানিতে বক্তব্য দেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2025, 09:57 PM

Updated : 26 Aug 2026, 12:33 PM

দেশে অনেক সৎ ও দক্ষ কর্মকর্তা আছেন, তাদের কাজের সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।

তিনি বলেছেন, “সরকারি বিভিন্ন দপ্তরে অনেক সৎ ও দক্ষ কর্মকর্তা রয়েছেন। কিন্তু অনেক সময় তারা কাজের সুযোগ থেকে বঞ্চিত হন। এটা কাম্য নয়। 

“আগে প্রধানমন্ত্রীর কার্যালয়েও ঘুষ দিতে হত, এখন সেই দিন শেষ। আমাদের লক্ষ্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া, এজন্য আমরা জনগণের সক্রিয় অংশগ্রহণ চাই।”

সোমবার লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে গণশুনানিতে তিনি এসব কথা বলেন। সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এই গণশুনানি চলে। দুদকের সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রামের আয়োজনে এতে সহযোগিতা করে লালমনিরহাট জেলা প্রশাসন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান বলেন, “প্রাতিষ্ঠানিক দুর্নীতি রোধে সরকারি কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হতে হবে। সেবা প্রদান কার্যক্রমে জনগণের প্রয়োজনীয়তা অগ্রাধিকার পেতে হবে। প্রকল্প হতে হবে দেশবান্ধব, শুধু ঠিকাদারবান্ধব নয়।”

গণশুনানিতে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। বিশেষ অতিথি ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলী আকবর আজিজী।

দুদকের দেওয়া তথ্য অনুযায়ী, এ গণশুনানিতে জেলার ৩৩টি সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ১০৬টি লিখিত অভিযোগ জমা পড়ে। শুনানিতে অভিযোগকারীরা সরাসরি তাদের অভিজ্ঞতা ও ভোগান্তির কথা তুলে ধরেন। 

পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এবং তাৎক্ষণিকভাবে অনেক অভিযোগের সমাধান বা প্রতিকারমূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।