২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শেরপুর সীমান্তে বনের গাছ কেটে পাচারের চেষ্টা, আটক ২

এ সময় তাদের কাছ থেকে ব্যাটারি চালিত একটি ভ্যান, কাটা গাছ ও গাছ কাটার সরঞ্জাম জব্দ করা হয়।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2026, 01:16 PM

Updated : 26 Aug 2026, 03:23 PM

শেরপুরের শ্রীবরদী উপজেলা সীমান্তে সরকারি বনের গাছ কেটে পাচারের সময় দুইজনকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ব্যাটারি চালিত একটি ভ্যান, কাটা গাছ ও গাছ কাটার সরঞ্জাম জব্দ করা হয়।

রোববার সকালে উপজেলার রানী শিমুল ইউনিয়নের সীমান্তবর্তী বালিজুরি এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ময়মনসিংহ বন বিভাগের বালিজুরি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া।

আটকরা হলেন- হালুয়াহাটি গ্রামের প্রয়াত আব্দুস সালামের ছেলে জজ মিয়া (৫০) এবং বালিজুরি এলাকার কাসেম আলীর ছেলে জুমুর আলী (৪০)। তারা এলাকায় ‘কাঠ চোর’ হিসেবে পরিচিত বলে দাবি বন বিভাগের।

বালিজুরি ফরেস্ট রেঞ্জ কার্যালয় থেকে জানা গেছে, সদর বিটের আওতাধীন ‘উডলট’ বাগান থেকে আকাশমণি গাছ কাটা হচ্ছে, এমন খবর পেয়ে বালিজুরি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়ার নেতৃত্বে সদর বিট কর্মকর্তা মাজহারুল ইসলামসহ সঙ্গীয় দল নিয়ে অভিযান চালানো হয়।

বন বিভাগের উপস্থিতি টের পেয়ে বালিজুরি অফিস পাড়া এলাকার বাসিন্দা লাল চান বাদশা (৪৫) ও তার সহযোগীরা পালিয়ে গেলেও দুইজনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় কাঠ পাচারের কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ভ্যান, আকাশমণির ১২ টুকরা গোলাই, চারটি আকাশমণি গাছ, দুটি হাত করাত ও একটি দা।

রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া বলেন, “আটক জজ মিয়া ও জুমুর আলী পেশাদার কাঠ চোর। অভিযানে তাদের আরেক সহযোগী লালচান বাদশা পালিয়ে গেছে।”

পরে আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে শেরপুর আদালতে সোপর্দ করা হয় বলে জানান তিনি।