Published : 17 Jun 2026, 11:53 PM
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় কিশোরীকে রাতভর দলবেঁধে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে নাঙ্গালকোট থানার ওসি আরিফুর রহমান বলেন, মঙ্গলবার ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। কিশোরীর মা তিনজনকে আসামি করে মামলা করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের অষ্টগ্রাম মোল্লা বাড়ীর অটোরিকশার চালক রিয়াজ মোল্লা (২৬) এবং একই গ্রামের ফয়েজ আহমেদ (২৬)।
মামলার বরাতে পুলিশ জানায়, ১৪ বছরের কিশোরী তার মায়ের সঙ্গে ফেনীতে থাকে। সোমবার বিকালে সে তার নাঙ্গলকোটের খালার বাড়ি থেকে ফেনীর বাসার উদ্দেশে অটোরিকশায় রওনা দেয়। পথে চালক তার অটোরিকশাটি নষ্ট হয়ে যাওয়ার কথা বলে কিশোরীকে রিয়াজ মোল্লার অটোরিকশায় উঠিয়ে দেন।
রিয়াজ মোল্লা একটু সামনে এগিয়ে তার বন্ধু পরিচয়ে ফয়েজ আহমেদকেও অটোরিকশায় উঠায়। একপর্যায়ে তারা কিশোরীকে ফেনীর বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে চৌদ্দগ্রামের পদুয়াসহ বিভিন্ন এলাকায় ঘুরায়।
রাত ৮টায় রিয়াজ ও ফয়েজ কিশোরীকে একটি টিনশেড বাড়িতে নিয়ে যায়। তখন তাদের সঙ্গে আকরাম নামে এক যুবক যোগ দেয়। পরে তিনজন রাতভর কিশোরীকে ধর্ষণ করে বলে মামলায় বলা হয়।
মামলার বাদী বলেন, মঙ্গলবার সকালে মেয়ে বাসায় ফিরে ঘটনা বলে। তখন তিনি ঘটনাস্থলে আসেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল করে নাঙ্গলকোট থানা পুলিশকে ঘটনাটি জানান। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রিয়াজ ও ফয়েজকে গ্রেপ্তার করে।
নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান বলেন, “অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। বৃহস্পতিবার কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।”