মুন্সীগঞ্জে বিয়ের দুমাসেই লাশ হলেন গৃহবধূ, স্বামী পলাতক
স্থানীয়দের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার জানান, জিয়াসমিন সনাতন ধর্মাবলম্বী ছিলেন। পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।
মুন্সীগঞ্জ সদরে দুই মাস আগে বিয়ে হওয়া এক নারীর লাশ তার স্বামীর বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক।
বুধবার সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয় বলে জানান মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান।
নিহত জিয়াসমিন আক্তারের (২৫) বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। খাসকান্দি এলাকার মোহাম্মদ শাহজালালের সঙ্গে দুই মাস আগে তার বিয়ে হয়। বিয়ের পর শাহজালাল তাকে মুন্সীগঞ্জ নিয়ে আসেন।
স্থানীয়দের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার জানান, জিয়াসমিন সনাতন ধর্মাবলম্বী ছিলেন। পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শাহজালাল মঙ্গলবার রাতের যে কোনো সময় ওই নারীকে পিটিয়ে হত্যা করে থাকতে পারেন। ”
থান্দার খায়রুল হাসান বলেন, শাহজালালকে গ্রেপ্তারে মাঠে কাজ করছে পুলিশ। জিয়াসমিনের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
