২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে হকার জুবায়ের হত্যায় চারজনের ফাঁসি

২০২১ সালের ১৪ অক্টোবর জুবায়ের হত্যায় আরও দুজনকে যাবজ্জীব্ন দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জে হকার জুবায়ের হত্যায় চারজনের ফাঁসি
নারায়ণগঞ্জে হকার হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2025, 07:48 PM

Updated : 26 Aug 2026, 12:39 PM

নারায়ণগঞ্জ শহরে ফুটপাতে অস্থায়ী দোকান বসানোকে কেন্দ্র করে হকার মো. জুবায়ের হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড এবং দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া এ রায় ঘোষণা করেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বুরুন্দি গ্রামের আব্দুস সামাদ মুন্সির ছেলে ইকবাল হোসেন (৩৭), বন্দর উপজেলার বাগবাড়ি গ্রামের প্রয়াত নূর ইসলামের ছেলে মো. স্বপন (৪৯), কুমিল্লার মুরাদনগরের তেলুয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে সায়মন ওরফে ইউনুস মিয়া (২৬) এবং মৌলভীবাজারের কমলগঞ্জের মহিতুর রহমানের ছেলে আনোয়ার হোসেন সানি (২৩)।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মুরাদনগরের বিচাপিতল গ্রামের ইয়ার হোসেনের ছেলে রাসেল হোসেন (২৭) এবং একই উপজেলার তেলুয়া গ্রামের কবির হোসেনের ছেলে হাসান আল মামুন (২২)।

দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে রাসেল হোসেন ছাড়া বাকিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। রাসেলকে গ্রেপ্তারের জন্য আদালত পরোয়ানাও জারি করেছেন বলে জানান পুলিশ পরিদর্শক কাইউম খান।

এই মামলায় হকার নেতা আসাদুল ইসলাম ওরফে আসাদ (৪৪) ও মহসিন বেপারী (৬৪) খালাস পেয়েছেন বলেও জানান তিনি।

মামলার নথির বরাতে এ পুলিশ কর্মকর্তা জানান, ২০২১ সালের ১৪ অক্টোবর বিকালে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে বলাকা পেট্রোল পাম্পের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে বিরোধের জেরে হকার মো. জুবায়েরকে মারধর ও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জুবায়ের ফতুল্লার উত্তর মাসদাইরের বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে।

এ ঘটনায় নিহতের মা মুক্তা বেগম বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামরা করেন। পুলিশ পরে আটজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়।